লালমনিরহাটের পাটগ্রাম-দহগ্রাম আঞ্চলিক সড়কের ১৩ কিলোমিটারে ২৮টি বাঁক (মোড়)। এমনকি এ সড়কের দুপাশে ধানের খড় স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়ক ছোট হয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
গত বৃহস্পতিবার পাটগ্রাম-দহগ্রাম আঞ্চলিক সড়কটির তিনবিঘা করিডর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, এখানে ২৮টি মোড় রয়েছে। ওই মোড়সহ বিভিন্ন স্থানে খেত থেকে ধান কেটে স্তূপ করে রাখা হয়েছে। পাশেই ওই সব ধান ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে মাড়াই করা হচ্ছে। মাড়াই শেষে ধান বাড়িতে নিয়ে গেলেও খড় সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে শুকানো হচ্ছে। এরপর সড়কের দুপাশেই খড় স্তূপ করে রাখা হচ্ছে। সড়কের পাশে খড় রাখার কারণে সড়কটি ছোট হয়ে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন।
উপজেলার বাউরা বাজারের ব্যবসায়ী কিবরিয়া বলেন, গত সপ্তাহে দহগ্রাম এলাকায় ওই সড়কের পাশে রাখা খড়ের স্তূপের পেছনে গরু খড় খেতে ছিল। কিন্তু হঠাৎ ওই গরু রাস্তায় চলে আসায় গরুর সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গরুসহ মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের আব্বাস মিয়া বলেন, সড়কে খড় শুকানোর পর পাশে স্তূপ করে রাখার কারণে ব্যাটারিচালিত একটি অটোরিকশা নছিমনকে সাইড দিতে দেরি করায় একটি দুর্ঘটনা ঘটে।
পানবাড়ী গ্রামের বাসিন্দা দুলু মিয়া বলেন, এ মৌসুমে ধানের খড় বিছানো সড়কে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গত বছর তিনি খড়ের কারণে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
দহগ্রাম আঞ্চলিক সড়কের ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবু মিয়া বলেন, এই সড়ক এমনিতেই ব্যস্ততম। তার ওপর অনেক আঁকাবাঁকা মোড়। কিন্তু মহাসড়কে ধান মাড়াই ও শুকানোর কাজ করায় অনেক সময় লাগে। ঠিকমতো গাড়ি চলানো যায় না। বিশেষ করে ভেজা খড়ের ওপর দিয়ে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ওই সড়কের ওপর ধান মাড়াই করছিলেন কৃষক আব্বাস আলী। তিনি বলেন, ‘বাড়ির আঙিনা (উঠান) ছোট হয়া গেইছে। এই জন্য দুইদোন (৫০ শতাংশ) জমির ধান একসঙ্গে মাড়াই করতে অসুবিধা হয়চ্ছে। এখানে সড়কে ধান মাড়াই করা হচ্ছে।’
ছিটেরবাড়ী গ্রামের কৃষক তোফাজ্জেল বলেন, ‘এলা বাড়িত আর কারও আগের মতো ফাঁকা জায়গা থয় (রাখে) না। বাধ্য হয়া পাকা রাস্তায় মাড়াইয়ের কাজ করে।’ কৃষক কাদের মিয়া বলেন, ‘রাস্তার ওপর ধান মাড়াই ও শুকানোর সময় বিপদে পড়তে হয়। আবার পুঞ্জি (স্তূপ) দেয়াটা ঠিক নয়। পুঞ্জির (স্তূপ) কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকাণ্ড করা বেআইনি। এলাকার জনপ্রতিনিধিদের এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।