১৩ কিলোমিটারে ৪০টি গতিরোধক অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল সড়কের উপজেলা সদরের প্রাতবাজার সিএনজি স্ট্যান্ড থেকে অরুয়াইল সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে অবৈধভাবে গড়ে ওঠা ৪০ গতিরোধক অবশেষে অপসারণ করা হয়েছে।
গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় দীর্ঘ আলোচনার পর অবৈধ গতিরোধকগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ওই গতিরোধকগুলো অপসারণ করা হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগের জন্য সরকার সরাইল-অরুয়াইল সড়ক নির্মাণ করে। সড়কটিতে ২০১২ সালের জুন থেকে যান চলাচল শুরু হয়। হাওর এলাকার এ সড়কে কোনো গতিরোধকের প্রয়োজন না হলেও স্থানীয় লোকজন এক এক করে মোট ৪০টি গতিরোধক নির্মাণ করেন। এ জন্য তাঁরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদনও নেননি।
সোমবার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অবৈধ গতিরোধক অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। এরপর গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর নির্দেশে গতকাল সব গতিরোধক উচ্ছেদ করা হয়।