১৩ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুটি ভবনের নির্মাণকাজের ১৩ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৪ মে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হাবিপ্রবি প্যাকেজ এ-এর আওতায় একটি মহিলা হল ও প্যাকেজ বি-এর আওতায় ড. এম এ ওয়াজেদ ভবন নির্মাণকাজের জন্য গত ১২ এপ্রিল দরপত্র আহ্বান করে। এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।প্যাকেজ এ ও বি-এর জন্য যথাক্রমে তিন কোটি ৯৩ লাখ ও সাত কোটি ৭২ লাখ টাকার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে। কাজ পাওয়ার শর্তাবলিতে দরপত্রদাতার অভিজ্ঞতা হিসেবে প্যাকেজ এ-এর জন্য দুই কোটি ও প্যাকেজ বি-এর জন্য তিন কোটি টাকার একক কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ১৭ মে পাঁচটি দরপত্রের শিডিউল জমা পড়ে।ঠিকাদারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় নীতিমালার (পিপিআর) বিধান অনুযায়ী দরপত্রে অংশ নিতে হলে দরপত্রদাতাকে কাজের প্রাক্কলন ব্যয়ের সর্বনিম্ন ৫০ ভাগ ও সর্বোচ্চ ৭৫ ভাগ একক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সে অনুযায়ী প্যাকেজ এ-এর জন্য এক কোটি ৯৬ লাখ ও প্যাকেজ বি-এর জন্য তিন কোটি ৮৬ লাখ টাকার একক কাজের অভিজ্ঞতা চাওয়া উচিত ছিল। কিন্তু পিপিআরের শর্ত লঙ্ঘন করে দরপত্রে প্যাকেজ এ-এর জন্য দুই কোটি ও প্যাকেজ বি-এর জন্য তিন কোটি টাকার একক কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।দিনাজপুরের ঠিকাদার প্রতিষ্ঠান পারিসা ট্রেড সিস্টেম লিমিটেডের পরিচালক মো. নুরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ যে দরপত্র আহ্বান করেছে, তাতে পিপিআরের শর্তাবলি পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। বিশেষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অসংগতিপূর্ণ শর্তাবলি জুড়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেয়েদের হলসহ মোট তিনটি প্যাকেজে ৪২ কোটি ৯০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র বাছাই করতে দুটি কমিটি কাজ করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের কমিটি প্রাথমিকভাবে দরপত্রগুলো বাছাই করে মূল মূল্যায়ন কমিটিতে পাঠায়। মূল কমিটিই ঠিকাদার বাছাই করবেন। তিনি দাবি করেন, দরপত্র আহ্বানে কোনো অনিয়ম হয়নি।