১৩ কোটি টাকার বাঁধ সংস্কারে ধীরগতি
ঠিকাদারের গাফিলতির কারণে কক্সবাজারের মহেশখালীর উপকূলীয় দ্বীপ ধলঘাটায় বাঁধ সংস্কারের কাজ ধীরগতিতে চলছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ চলতি বর্ষার আগেই শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। ফলে দুর্যোগের হুমকিতে রয়েছে ৫০ হাজার মানুষ। জানা গেছে, ১৯৯১ ও ১৯৯৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, পরবর্তী সময়ে সিডর ও আইলায় ধলঘাটার প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের সরাইতলার পশ্চিমে প্রায় এক কিলোমিটার বাঁধের সংস্কার শেষ হওয়ার আগেই সাগরের উত্তাল ঢেউয়ের কবলে বিলীন হয়ে যাচ্ছে। আর ধলঘাটার উত্তর দিকে বাঁধ সংস্কারকাজ বন্ধ রয়েছে। এ ছাড়া ১ দশমিক ২২ কিলোমিটার বাঁধে সিসি ব্লক বসানোর কথা থাকলেও প্রায় ৫০০ মিটার বাঁধে এখনো ব্লক বসানো হয়নি। সংস্কার করা বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল।ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম জানান, চলতি বর্ষার আগেই বেড়িবাঁধ সংস্কারের কাজ শেষ না হওয়ায় অরক্ষিত বাঁধ দিয়ে লোকালয়ে এখন জোয়ার-ভাটা চলছে। কক্সবাজার পাউবো সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার দক্ষিণ থেকে মাতারবাড়ি সাইরার ডেইলের দক্ষিণ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র সাড়ে ৭০০ মিটার বিকল্প বাঁধ সংস্কার ও ১ দশমিক ২২ কিলোমিটার বাঁধে সিসি ব্লক বসানো হয়েছে। ওই বাঁধ সংস্কারের দায়িত্ব পায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী, গত বছরের ১৫ অক্টোবর সংস্কারকাজ শুরু হয়ে চলতি বছরের ১৫ মের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত বাঁধের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না; বাঁধ রক্ষার্থে বনায়ন করতে হবে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, সংস্কারকাজ করার সময় যন্ত্র দিয়ে মাটি চাপা দেওয়া হয়নি। এ কারণে টেকসই বাঁধ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারের পক্ষে বাঁধ সংস্কারের কাজ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রথম আলোকে বলেন, সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বাঁধের কিছু কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। কয়েকটি স্থানে বাঁধ সাগরে বিলীন হয়ে গেলেও তা পুনরায় সংস্কার করা হচ্ছে। বাঁধ সংস্কারে ধীরগতির কথা স্বীকার করে তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে বাইরে থেকে মালামাল আনতে অনেক সময় লাগছে। এ কারণে কাজ বর্ষার আগেই শেষ করা সম্ভব হয়নি। কবে নাগাদ কাজ শেষ হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘সংস্কারকাজ এখন প্রকৃতির ওপর নির্ভর করছে।’ কাজের দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তা ও কক্সবাজার পাউবোর উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, সরাইতলার সামনে প্রায় দুই কিলোমিটার বাঁধে সিসি ব্লক বসানো না হলে বাঁধটিকে সাগরের উত্তাল ঢেউ থেকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই ওই স্থানে সিসি ব্লক বসানোর জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, বাঁধ সংস্কারের কাজ জরুরি ভিত্তিতে শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।