অর্থের সংস্থান ব্যতীত উন্নয়নকাজের দরপত্র আহ্বান করায় কুমিল্লা সিটি করপোরেশনের ১৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ২১৪ টাকার ১১৬টি প্রকল্পের কাজ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক চিঠি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
একই সঙ্গে অর্থের সংস্থান ব্যতীত ভবিষ্যতে কোনো উন্নয়নকাজের দরপত্র আহ্বান না করার জন্য চিঠি দেওয়া হয়।
তবে স্থানীয় সরকার বিভাগের পাঠানো ওই চিঠির পর্যবেক্ষণের সঙ্গে একমত নন মেয়র মো. মনিরুল হক। তাঁর ভাষ্য, অর্থের সংস্থান ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়। এ অবস্থায় সিটি করপোরেশন ও স্থানীয় সরকার বিভাগের রশি টানাটানির কারণে সময়মতো প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। এতে করে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কুমিল্লা সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভায় ১১৬টি রাস্তা, কালভার্ট, নালা, ডাস্টবিনসহ নানা ধরনের প্রকল্পের কাজের প্রাক্কলন অনুমোদন ও দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়নমূলক ওই কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারদের কার্যাদেশ প্রদানের প্রক্রিয়াও শুরু হয়।
সিটি করপোরেশন সূত্রে আরও জানা গেছে, গত ২২ জুন স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব সরোজ কুমার নাথ কুমিল্লা সিটি করপোরেশনকে একটি চিঠি দেন। ওই চিঠিতে ১১৬টি উন্নয়ন প্রকল্পের জন্য করপোরেশনের আর্থিক সংস্থান রয়েছে কি না, তা জানানোর জন্য সাত দিনের সময় সীমা বেঁধে দেন। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক গত ২৪ জুন চিঠির জবাব দেন। জবাবে তিনি উল্লেখ করেন, দুটি প্যাকেজে ১১৬টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রকল্পের কাজ উন্নয়ন সহায়তা তহবিল থেকে এবং ৭২টি প্রকল্পের কাজ সিটি করপোরেশনের নিজস্ব ও রাজস্ব তহবিলের অর্থ দিয়ে করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের যথেষ্ট অর্থ রয়েছে। ২ আগস্ট সরোজ কুমার নাথ আরেক চিঠিতে দরপত্র বাতিল করার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে অর্থ সংস্থান ব্যতীত ভবিষ্যতে কোনো প্রকল্প না নেওয়ার জন্য অনুরোধ করেন।
এ অবস্থায় ১০ আগস্ট কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক দরপত্র বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি দেন। ওই চিঠিতে জনস্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৪-১৫ অর্থবছরে উন্নয়ন সহায়তা খাতে ১৭টি এবং রাজস্ব তহবিল খাতে ৭৮টি প্রকল্প নিয়ে যথাসময়ে কাজ শেষ করা হয়। ঠিকাদারদের বিলও পরিশোধ করা হয়। সুতরাং সিটি করপোরেশন সামর্থ্য থাকায় ১১৬টি প্রকল্প নেওয়া হয়েছে। ওই চিঠির জবাব এখনো আসেনি।
সিটি করপোরেশনের একাধিক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়র টাকার সংস্থান রেখেই দরপত্র আহ্বান করেন। এতে কোনো ধরনের ঝামেলা নেই। তারপরও কেন কাজ বাতিল করা হলো তা বোধগম্য নয়।
জানতে চাইলে মেয়র মো. মনিরুল হক বলেন, ‘অর্থের সংস্থান রেখেই দরপত্র আহ্বান করা হয়। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেখা যাক কি হয়।’
কুমিল্লা নগরের কয়েকজন বাসিন্দা বলেন, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ২৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। ওই বছরের ৬ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে তিন বছরে কুমিল্লা নগরের প্রধান কোনো সড়কের দৃশ্যমান উন্নয়ন হয়নি। ছোট ছোট বাজেটে কিছু কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এবারের প্রকল্প বন্ধের বিষয়টিকে সেভাবেই দেখছেন নগরবাসী।