১৩ কোটি টাকার ২৮ কেজি স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং অক্সিজেন মোড় থেকে আজ মঙ্গলবার ২৮ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব সোনার দাম প্রায় ১৩ কোটি টাকা।

ঢাকা: বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরের কাস্টম হাউসের সহকারী কমিশনার ওয়াজেদ আলী আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি সোনার বার উদ্ধার করেন। এগুলোর ওজন ১৮ কেজির বেশি, যার দাম প্রায় আট কোটি টাকা।

সম্প্রতি ‘প্রথম আলো’র অনুসন্ধানে দেখা যায়, গত দুই বছরে এক রতি সোনা আমদানিরও শুল্ক পায়নি সরকার। অথচ বাজারে সোনা সরবরাহের কমতি নেই। এই ব্যবসার পুরোটাই এখন পাচারের ওপর নির্ভরশীল।

চট্টগ্রাম: বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান জানান, দোহা-দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুপুর ১২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজের যাত্রীদের হাতব্যাগ রাখার স্থানে তল্লাশি চালিয়ে ৬০টি সোনার বার পাওয়া যায়। কে বা কারা এসব স্বর্ণবার নিয়ে এসেছে, তা শনাক্ত করা যায়নি। এসব সোনার ওজন প্রায় সাত কেজি, যার দাম প্রায় তিন কোটি টাকা।

কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, এটি নিয়ে চলতি মাসে ছয়টি চালানে প্রায় ৪০ কেজি সোনা জব্দ করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, চট্টগ্রামের হাটহাজারীর দেওয়ান নগর এলাকার জাহাঙ্গীর আলম ২৬টি সোনার বার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নগরের কোতোয়ালি যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় পুলিশ তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার ওজন তিন কেজি, যার দাম দুই কোটি টাকা। এ ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। থানায় মামলা হয়েছে।

গত শনিবার নগরের রেলস্টেশন এলাকায় বইয়ের ভেতর রাখা অবস্থায় পাঁচটি সোনার বার আটক করে পুলিশ। এ ঘটনায় শফিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়।