১৩ ক্লাবে টাকা দিয়ে হাউজি খেলায় নিষেধাজ্ঞা থাকছে
অর্থের বিনিময়ে ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের ৫ জেলার ১৩টি ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে।
১১ ডিসেম্বর পরবর্তী দিন রেখে এই সময়ের মধ্যে আবেদনকারীপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ দিন ঠিক করেন।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নিষেধাজ্ঞার মাধ্যমে এসব ক্লাবকে ওই কার্যক্রম থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ এক দিনের জন্য স্থগিত করেন। পাশাপাশি ৮ ডিসেম্বর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আদালতে ঢাকা ক্লাবের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও রুহুল কুদ্দুস। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও রেদোয়ান আহমেদ রানজিব। পরে আইনজীবী রেদোয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে কোনো স্থগিতাদেশ থাকছে না বলেছেন আদালত। ফলে ১৩ ক্লাবে অর্থের বিনিময়ে ওই সব খেলা আয়োজনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে। ঢাকা ক্লাবকে লিভ টু আপিল করতে বলা হয়েছে। আগামী রোববার এর ওপর শুনানির জন্য দিন রাখা হয়েছে।
ওই ১৩টি ক্লাব হলো ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। আইন অনুসরণ না করে এসব ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন দুই আইনজীবী।