১৩ ক্লাবে হাউজি-কার্ড খেলায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
অর্থের বিনিময়ে ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ পাঁচ জেলার ১৩টি ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজন প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল আট সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করা হয়েছে।
গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাব কর্তৃপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন। এই আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর চেম্বার বিচারপতির আদালত এক দিনের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে ৮ ডিসেম্বর নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠান।
এই ১৩টি ক্লাব হলো ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।