১৩ গ্রামে রাতভর গ্রামবাসীর পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাত–আতঙ্কে গ্রামবাসী এভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাতভর গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উপজেলা বাজার এলাকা থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
ডাকাত–আতঙ্কে গ্রামবাসী এভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাতভর গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের উপজেলা বাজার এলাকা থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

বরগুনা শহরের আশপাশের ১৩টি গ্রামের লোকজন দেড় মাস ধরে ডাকাত-আতঙ্কে রয়েছেন। তাঁরা প্রতি রাতে ডাকাতদের প্রতিরোধ করতে পালা করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সারা রাত গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন।
এরই মধ্যে গত দেড় মাসে বুড়িরচর ইউনিয়নে এক রাতে দুই বাড়িতে, গৌরীচন্না ইউনিয়নে এক ইউপি সদস্যের বাড়িতে ও কেওড়াবুনিয়া ইউনিয়নের এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ প্রশাসনের দাবি, পুলিশের পক্ষ থেকে মাঠপর্যায়ে জনগণের মধ্যে যে সচেতনতামূলক সভা-সমাবেশ করা হচ্ছে, এটা তারই ফল।
বরগুনা জেলা শহর থেকে তিন থেকে পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলার লবণগোলা, মাইঠা, হাজারবিঘা, মানিকখালী, বুড়িরচর, কামরাবাদ, দক্ষিণ ও উত্তর খাজুরতলা, লাকুরতলা, মনসাতলী, সোনার বাংলা, বেতবুনিয়া ও ধূপতি গ্রাম।
গত বুধবার রাতে এসব গ্রামে ঘুরে দেখা যায়, স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সারা রাত গ্রামগুলো পাহারা দিচ্ছেন। এ সময় তাঁরা জানান, এক মাস ধরে তাঁদের এলাকায় ডাকাতির ঘটনাই শুধু বেড়ে যায়নি, ডাকাতেরা নারীদের সম্ভ্রম পর্যন্ত কেড়ে নিচ্ছে। ফলে শ্রমজীবী থেকে শুরু করে সব পেশার মানুষ দিনের বেলায় কাজ সেরে নিজ পরিবারের আত্মরক্ষার্থে রাতভর পালা করে গ্রামে পাহারা দিচ্ছেন।
বরগুনা সদর থানার পুলিশ সূত্র জানায়, গত জানুয়ারি মাসে বরগুনা সদর থানায় ডাকাতির মামলা হয়েছে তিনটি। এসব ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা এলাকার সিদ্দিকুর রহমান, শাহ আলম, ছগির খানসহ কয়েক ব্যক্তি জানান, সম্প্রতি তাঁদের এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এ জন্য তাঁরা ২০-২৫ জনের একটি দল গঠন করে সারা রাত গ্রামে পাহারা দেন।
গৌরীচন্না ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়েও এমন দৃশ্য দেখা যায়। গ্রামের লোকজন লাঠিসোঁটা ও টেঁটা হাতে পাহারা দিচ্ছেন। এসব গ্রামের লোকজন পাঁচটি ভাগে পালা করে রাতভর পাহারা দেন।
গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘ডাকাত-আতঙ্কে আমরা ঘরে ঘুমাতে পারছি না। তাই দেড় মাস ধরে আমরা গ্রামের লোকজনকে নিয়ে রাতে পাহারা দিই।’ মনষাতলী এলাকার গোলাম মোস্তফা বলেন, ‘প্রতি রাতে ডাকাত-আতঙ্কে পালা করে এলাকাবাসী পাহারা দিচ্ছি। এই গ্রামের লোকজন ডাকাত-আতঙ্কের মধ্যে রয়েছেন।’
ওই এলাকার লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৭ জানুয়ারি রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালি গ্রামে অতুল হাওলাদার (৬৫) ও জলিল মৃধার (৫৫) বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতেরা পাঁচ ভরি সোনা, ১৮ হাজার টাকাসহ অন্যান্য মাল লুট করে। এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে এবং গুলিতে সাতজন আহত হন। এ সময় তারা বাড়ির মালিক অতুল হাওলাদার ও তাঁর জামাতা নিবাস চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এ ছাড়া ১৩ জানুয়ারি রাতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম ওরফে লিটনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ৮ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে খালেক মৃধার বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার্বিক বিষয়ে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত আছে। ডাকাত ও অন্য অপরাধীদের প্রতিরোধে পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে জনসাধারণকে সম্পৃক্ত করার জন্য গ্রামে গ্রামে সচেতনতামূলক সভা করছি। ডাকাত প্রতিরোধে স্থানীয় লোকজনের রাতভর পাহারা দেওয়ার বিষয়টি এই সচেতনতারই ফল।’