১৩ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার বেলা ১১টায় দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে ডুবোচরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি আটকা পড়ে। এ সময় সংশ্লিষ্ট চ্যানেলটি বন্ধ হয়ে যায়। পুরোনো চ্যানেল খুলে না দেওয়ায় সারারাত ফেরি পারাপার বন্ধ থাকে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ছোট ফেরি দিয়ে পারাপারের কাজ শুরু হয়। বিআইডব্লিউটিসির আরিচা ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে দৌলতদিয়াঘাট থেকে তিনটি বাস, চারটি ট্রাক ও ১২টি ছোট গাড়ি নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছেড়ে যায়। ফেরিটি অ্যাপ্রোচ চ্যানেলে ঢোকার পর স্রোতের ধাক্কায় অগভীর পানিতে চলতে না পেরে ডুবোচরে আটকা পড়ে। পরে মাওয়া থেকে টাগবোড আইটি-৩৯৪ গিয়ে সকাল পৌনে সাতটার দিকে ফেরিটি উদ্ধার করে। তবে এ সময় চ্যানেলে গভীরতা কম থাকায় ফেরি চলতে পারেনি। পরে বেলা ১১টার দিকে সব বড় ফেরির চলাচল বন্ধ করে ছোট ফেরিতে করে পারাপারের কাজ চলে। ১৩ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকায় দুই পাড়েই কয়েক শ গাড়ি আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটির খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান জানান, পুরোনো চ্যানেলটি প্রায় ৮০০ ফুট দৈর্ঘ্য ও ২৪০ ফুট প্রস্থ। খনন শেষে মার্কিং কাজ স্থাপন করে বেলা ১১টায় এটি খুলে দেওয়া হয়েছে। এই অ্যাপ্রোচ চ্যানেল দিয়েই ফেরি চলাচলের কাজ শুরু হবে।