১৩ ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শুক্রবার ১৩ ঘণ্টা ভোগান্তির পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে রংপুর বিভাগের আটটি জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।গতকাল ভোর ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যাত্রাপথে বাস চলাচল বন্ধ থাকে। এতে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রংপুরের বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।আকস্মিক পরিবহন ধর্মঘট ডাকার কারণে শত শত যাত্রীকে দিনভর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মঘটের কারণে বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা সময়মতো কারমাইকেল কলেজ কেন্দ্রে পৌঁছাতে পারেননি। বেলা তিনটায় খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরাও ভোগান্তিতে পড়েন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা দুইটায় অনুষ্ঠিত হয়।প্রায় ৫০ কিলোমিটার দূরের পীরগঞ্জ উপজেলা থেকে রিকশাভ্যানে করে কারমাইকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন রাজীব বসাক। তিনি বলেন, ‘অনেক কষ্টে কেন্দ্রে পৌঁছাতে পেরেছি।’দিনাজপুরের সব পথে গতকাল ভোর থেকে বাস চলাচল বন্ধ ছিল। ঢাকাগামী যাত্রী রোজিনা আক্তার জানান, বেলা একটায় নাবিল পরিবহনে তাঁর ঢাকা যাওয়ার টিকিট করা ছিল। কিন্তু স্ট্যান্ডে এসে ধর্মঘটের কথা জানতে পারেন। নিরুপায় হয়ে শীতের মধ্যে অপেক্ষা করছেন।উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন প্রথম আলোকে জানান, সন্ধ্যার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।ভর্তি পরীক্ষা পেছাল: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর সোমবার পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।