১৩ ঘর পুড়ে ছাই, হামলায় ৯ দমকলকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার সাঁইপাড়া গ্রামে গত শনিবার অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থলে আসতে দেরি করায় স্থানীয় লোকজন দমকলের একটি গাড়ি ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে নয়জন আহত হন।এ ঘটনায় গত রোববার লালপুর থানায় একটি মামলা হয়েছে। তথ্যবিভ্রাটের কারণে ভুলে একই নামের অন্য একটি গ্রামে চলে যাওয়ায় দমকলের গাড়ি আসতে দেরি হয়। এ কারণে স্থানীয় লোকজন গাড়ি ভাঙচুর করেছে এবং দমকলকর্মীদের মারধর করেছে।লালপুর ফায়ার সার্ভিসের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে সাঁইপাড়া গ্রামের রহমত উল্লাহ ওরফে রইসের বাড়ির পাশে সিগারেটের আগুন থেকে পাটকাঠিতে আগুন লাগে। সেখান থেকে বৈদ্যুতিক লাইনে আগুন লেগে যায়। এরপর ফারুক হোসেন, আবুল কাসেম, আবদুল কুদ্দুস, শফিকুল ইসলাম ও সুমন হোসেনের বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়ির ১৩টি পাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়।আগুন লাগার পরপরই বিষয়টি লালপুর দমকল অফিসে জানানো হয়। দমকলের দুটি গাড়ি পৌনে ছয়টায় ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে এবং দমকলের কর্মীদের মারধর শুরু করে। এতে গাড়ির চালক ডাবলু মিয়া, ফেরদৌস আলম, দমকল কর্মী মিঠু সাহা, আজাদ হোসেন, আবদুল্লাহ আল রুবেল, মিন্টু শেখ, আদিল উদ্দিন, সাজু আহম্মেদ ও সাব-অফিসার রইচ উদ্দিন আহত হন। আহত ডাবলু মিয়া ও মিঠু সাহাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।ফায়ার সার্ভিসের রাজশাহী কার্যালয়ের প্রকৌশলী গোলাম মাওলা জানান, আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় লালপুরের স্টেশন অফিসার রুহুল আমীন বাদী হয়ে সাতজনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামে গতকাল রোববার লালপুর থানায় মামলা করেছেন।শনিবার রাতে ফায়ার সার্ভিসের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক ওহিদুজ্জামান, প্রকৌশলী গোলাম মাওলা ও নাটোরের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।