ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নুরুল আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ১৩ দিনের মাথায় পুলিশের এক কর্মকর্তাসহ ১৩ জনকে অভিযুক্ত করে চট্টগ্রাম আদালতে একটি আবেদন করা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী সুমি আক্তার গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে এই আবেদন করেন।
আবেদনে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ জাবেদ এবং মো. বাবুল, মো. খালেক, মো. জসিম, মো. সেকান্দর, মো. নাসের, মো. এমরান, মো. হাসান, মো. নুরুল ইসলাম, মো. লিটন, মো. মেহেদী, মো. রব্বানী ও ভুপেষ বড়ুয়ার বিরুদ্ধে। এসআই ছাড়া সবাই চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা।
বাদীর আইনজীবী আশফাক আহমেদ বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ও জেলার কোনো থানায় নুরুল আলমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন। ২০ এপ্রিলের মধে৵ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে এই প্রতিবেদন দিতে বলা হয়েোছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত আদেশ দেবেন।
গত ৩০ মার্চ নুরুল আলমের গুলিবিদ্ধ লাশ চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি রাউজানের নোয়াপাড়ায়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৯ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসায় এসআই জাবেদের (সাদাপোশাকে ছিলেন) নেতৃত্বে পুলিশ পরিচয়ে আটজন ঘরে ঢোকেন। তাঁরা নুরুল আলমকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর ভাগনে কারণ জানতে চান। তখন এসআই জাবেদ বলেন, নুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে পরোয়ানার কোনা কাগজপত্র দেখাতে পারেননি তিনি। পরোয়ানার কাগজ দেখাতে বাধ্য নন উল্লেখ করে নুরুলকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁরা।
আবেদনে বলা হয়, বাদী বিভিন্ন সূত্রে জানতে পারেন, তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর রাউজান নোয়াপাড়া কলেজ মাঠে অমানুষিক নির্যাতন করেন অভিযুক্ত আসামিরা। হাত, চোখ বেঁধে ওই দিন রাত তিনটা পর্যন্ত প্রভাবশালী এক জনপ্রতিনিধির সহযোগিতায় নির্যাতন চালানো হয়। আসামিরা পরে মাথায় গুলি করে রাউজান বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর তীরে লাশ ফেলে আসে। স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা খবর পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ প্রকৃত খুনিদের বাঁচানোর জন্য পরিবারের সম্মতি ছাড়াই মামলা করে বলেও আবেদনে অভিযোগ করেন বাদী।
রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর নামে কোনো মামলা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের মামলায় জড়ানো হয়েছে।
অভিযুক্ত এসআই জাবেদের বক্তব্য জানতে মুঠোফোনে তাঁর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও ফোন ধরেননি তিনি।
নুরুল আলম হত্যার ঘটনার পরদিন রাউজান থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দিয়ে তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।