১৩ জনকে কারাদণ্ড ও ৫৬ যানবাহনকে জরিমানা
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে গতকাল বুধবার ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৬ যানবাহনকে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজী জামিনুল হক (৪৫), মো. সেলিম (৩৮), মনিরুজ্জামান (৪০), মধুসূদন পাল (২৩), আল আমিন (২৫), মিলন মাহমুদ (৩০), মো. ইকবাল (২৮), মোশারফ হোসেন (২৬), মঞ্জু মিয়া (৩৫), মো. শাহীন (৩২), ফরহাদ উদ্দিন (৩২), সাঈদুর রহমান ওরফে রুবেল (২৮) ও মো. সজীব (২৪)।
বিআরটিএ সূত্র জানায়, সকাল নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিআরটিএর মিরপুর-১৩ নম্বরে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দালালির দায়ে ১২ জনকে ১২ দিন, ৩০ দিন করে কারাদণ্ড দেন। একই আদালত প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে নয়টি যানবাহনকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ জোহরা খাতুন এবং মো. মুনিবুর রহমানের নেতৃত্বে বিআরটিএর পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর খিলগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেনের মেয়াদোত্তীর্ণ ৪৭ যানবাহনকে সাড়ে ৬৫ হাজার টাকা জরিমানা করেন। লাইসেন্স ছাড়া লেগুনা চালানোর দায়ে চালক সজীবকে (২৪) ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। এ সময় পাঁচটি যানবাহন ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।
বিআরটিএ প্রধান কার্যালয়ের পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, দণ্ড পাওয়া ১৩ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে ডিসেম্বরে পৃথক চারটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।