১৩ জনকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক
ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ বিশিষ্ট ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ। আজ শনিবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্পিকার মো. আবদুল হামিদ গুণীজনদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মাননার জন্য মনোনীত ব্যক্তিরা হচ্ছেন: শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, চিকিৎসায় অধ্যাপক হারুন-উর রশীদ, সংস্কৃতিতে আলী যাকের, মুক্তিযুদ্ধে অবদানের জন্য লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় হাসান হাফিজুর রহমান (মরণোত্তর), অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণায় অধ্যাপক মোশারফ হোসেন, বাংলা ভাষা ও সাহিত্যে কবি বেলাল চৌধুরী, শিল্প ও বাণিজ্যে আবদুর রউফ চৌধুরী, সাংবাদিকতায় তোয়াব খান, ক্রীড়ায় সাকিব আল হাসান, কৃষিবিষয়ক গবেষণা ও উন্নয়নে হরিপদ কাপালি, সমাজ বিনির্মাণে ফজলে হাসান আবেদ, ব্যাংকিংয়ে (বিশেষ সম্মাননা) খোন্দকার ইব্রাহিম খালেদ। এ ছাড়া প্রতিষ্ঠান বিভাগে বঙ্গবন্ধু জাদুঘরকে পুরস্কৃত করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক। সম্মাননা হিসেবে গুণীজনদের দেওয়া হয় স্বর্ণপদক, নগদ অর্থ ও ক্রেস্ট। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল জলিলসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।