ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ১৩ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, আরও কয়েক দিন পর তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যে চারজন মারা গেছেন।
গত ২২ নভেম্বর বিকেলে আশুলিয়ার জিরাব এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের কারখানাটিতে আগুন লাগে। এতে ২৬ জন নারী ও শিশু দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও পাঁচজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার বার্ন ইউনিটে কথা হয় গিয়াস উদ্দিনের সঙ্গে। তাঁর মেয়ে সোনিয়া (১৬) ওই কারখানার আগুনে দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছে। সোনিয়ার শ্বাসনালি, ঘাড়, হাত, পা’সহ শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
গিয়াস উদ্দিন বলেন, চার মেয়ে ও এক ছেলের মধ্যে সোনিয়া দ্বিতীয়। চার মাস ধরে সোনিয়া ওই কারখানায় কাজ করছিল। তিনি বলেন, একজনের আয়ে সংসার চলে না। তাই মেয়েকে গ্রাম থেকে এনে কারখানায় দিয়েছিলেন। এখন তিনি অপরাধবোধে ভুগছেন।
কারখানার মালিকদের কেউ কোনো খোঁজখবর নিচ্ছেন কি না জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, এক মালিকের স্ত্রী এসে ১০ হাজার টাকা দিয়েছিলেন। তাঁরপর আর কেউ আসেননি।
দগ্ধদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, চিকিৎসায় দগ্ধদের উন্নতি-অবনতি হয় ধীরগতিতে। যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের উন্নতি-অবনতি আরও কয়েক দিন পর জানা যাবে।
চিকিৎসা শেষে গতকালের তিনজনসহ মোট চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল ছাড়পত্র পাওয়া শ্রমিকেরা হলেন হাফিজা খাতুন (১৬), রিনা (২০) ও ফারজানা। হাফিজা ও ফারজানার শরীরের ২০ শতাংশ এবং রিনার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ছাড়পত্র পাওয়া এক রোগী ও তাঁর স্বজনেরা অভিযোগ করেন, ক্ষত পুরোপুরি শুকানোর আগেই ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁরা পরবর্তী চিকিৎসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ সম্পর্কে পার্থ শংকর পাল বলেন, ছাড়পত্র পাওয়া শ্রমিকদের আর চিকিৎসার দরকার নেই। যেটুকু ক্ষত রয়েছে তা এমনিতেই শুকিয়ে যাবে। তারপরও প্রত্যেক রোগীকে সাত দিন পর দেখা করতে বলা হয়েছে।