১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সন্ত্রাসীদের হামলায় মেঘনায় ডুবে উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজীর মৃত্যুর প্রায় দেড় বছর পর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। প্রথম এজাহারে থাকা ৩৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগপত্রভুক্ত ১৩ আসামি হলেন: সিদ্দিক, আলেক, লিয়াকত, জসিমউদ্দিন জসু, কালাম, মোবারক, জুয়েল, জলিল, মোয়াজ্জেম, সুহেল, মোস্তফা, আলম, রমজান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৩ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১১ সালের ১৭ জুন দিবাগত রাত দুইটায় আড়াইহাজার উপজেলার মেঘনাবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় আসামি ধরতে এসআই আহসানউল্লাহর নেতৃত্বে এসআই নাসির সিরাজী, রফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা অভিযান চালান। অভিযানে পুলিশ কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম ফাইজুল ইসলামের সমর্থক চারজনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে ট্রলারযোগে ফেরার পথে ৪০-৫০ জন টেঁটা, বল্লম, দা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের এসআই রফিকুল ইসলাম, আহসানসহ চারজন আহত হন। এই হামলার ৩৪ ঘণ্টা পর খাগকান্দা ইউনিয়নের দনি নয়াপাড়া মেঘনা নদীর তীর থেকে এসআই নাসির সিরাজীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই আহসানউল্লাহ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।