১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গৌছকে অভিযুক্ত করে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
গতকাল বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের আখড়া এলাকায় সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সুরঞ্জিত সেনগুপ্ত তখন বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামছিলেন। এতে যুবলীগের স্থানীয় কর্মী ওয়াহিদ মিয়া নিহত ও ২৯ জন আহত হন। পরদিন দিরাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় গত বছরের ১৫ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে আরিফুল হক চৌধুরী ও গোলাম কিবরিয়া গৌছের সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি মো. আবদুল হান্নান মুন্সী, শরীফ শাহেদুল ইসলাম ওরফে বিপুল, হাফিজ সৈয়দ নাইম আহমদ আরিফ, মহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান, মুফতি নাইম উদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, দেলোয়ার হোসেন ওরফে রিপন, নাজিউর রহমান ওরফে নাজু ওরফে নাজমুল হক, মাওলানা শেখ আবদুল সালাম, আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, মাওলানা মো. তাজ উদ্দিনকে আসামি করা হয়।
অভিযোগপত্রের বিরুদ্ধে আসামিপক্ষ নারাজি দেয়। নারাজি আবেদনের শুনানি শেষে আদালত গতকাল বুধবার সেটি খারিজ করে দেন এবং অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) খায়রুল কবির আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।