
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলম ওরফে নুরুকে হত্যার অভিযোগে এক পুলিশসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে।
নুরুল আলমের লাশ উদ্ধারের ১৩ দিনের মাথায় নিহত ছাত্রদল নেতার স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে এ অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নিতে আদালতের কাছে তিনি আবেদন করেন।
মামলার আরজিতে নাম থাকা ওই ১৩ জন হলেন রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ জাবেদ, রাউজান নোয়াপাড়ার বাসিন্দা বাবুল মেম্বার, খালেক মেম্বার, মো. জসিম, মো. সেকান্দর, মো. নাসের, মো. এমরান, মো. হাসান, মো. নুরুল ইসলাম, মো. লিটন, মো. মেহেদী, মো. রব্বানী ও ভুপেষ বড়ুয়া।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, গত ২৯ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে নগরের চন্দনপুরা এলাকার বাসায় সাদাপোশাকে এসআই জাবেদের নেতৃত্বে পুলিশ পরিচয়ে আটজন ঘরে ঢোকেন। তাঁরা নুরুল আলমকে হাতকড়া পরানোর সময় তাঁর ভাগনে কারণ জানতে চান। এসআই জাবেদ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানার কাগজপত্র দেখাতে বাধ্য নয় বলে তিনি নুরুলকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। বাদী বিভিন্ন সূত্রে জানতে পারেন, তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর রাউজান নোয়াপাড়া কলেজমাঠে অমানুষিক নির্যাতন করে অভিযুক্ত আসামিরা। তাঁরা হাত, চোখ বেঁধে ওই দিন রাত তিনটা পর্যন্ত প্রভাবশালী এক জনপ্রতিনিধির সহযোগিতায় তাঁর স্বামীর ওপর নির্যাতন চালায়। আসামিরা পরে তাঁর মাথায় গুলি করে রাউজান বাগোয়ানের কর্ণফুলী নদীর তীরে লাশ ফেলে আসেন। আরজিতে সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।
বাদীর আইনজীবী আশফাক আহমেদ বলেন, আদালত বাদীর অভিযোগটি শোনার পর চট্টগ্রাম মহানগর এবং জেলায় নুরুর মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে ২০ এপ্রিলের মধে৵ প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করবেন কি না—প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়ে আদেশ দেবেন।
অভিযোগ অস্বীকার করে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল আজ বিকেলে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, তাঁর নামে কোনো মামলা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের মামলায় জড়ানো হয়েছে।
অভিযুক্ত এসআই জাবেদের মোবাইল ফোনে দুপুর থেকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
গত ৩০ মার্চ নুরুল আলমের গুলিবিদ্ধ লাশ চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, এর আগের দিন রাত ১২টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তাঁকে নগরের চন্দনপুরা এলাকার বাসা থেকে তুলে নিয়ে যায়। হত্যার ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।