১৩ জেলায় আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের হামলা-মামলা ও তাঁদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে গতকাল রোববার অবরোধের পাশাপাশি রাজধানী ঢাকাসহ ১০ জেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।
একই দাবিতে আজ সোমবার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নীলফামারী, নোয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ, বরগুনা, নরসিংদী মনোহরদী, নড়াইল, নারায়ণগঞ্জে হরতাল ডাকা হয়েছে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট বিভাগের চার জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট নগরের জিন্দাবাজারে বিকেলে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদল আজ সোমবারও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হবিগঞ্জে হরতালে জেলা মহিলা দলের নেতা-কর্মীরা সরকারের পদত্যাগের দাবিতে শহরে ঝাড়ুমিছিল বের করেন। পাশাপাশি সিইসি কাজী রকিব উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির নেতা-কর্মীরা। মৌলভীবাজারে হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলায় আজ সোমবারও হরতাল ডেকেছে ছাত্রদল। সুনামগঞ্জেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।
নেত্রকোনার মদন উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে উপজেলা বিএনপির ডাকে আধা বেলা হরতাল পালিত হয়। মুন্সিগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা ছাত্রদলের ডাকে হরতাল পালিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জেলায় আজও সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা যুবদল। মিছিলে পুলিশের হামলা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় ১৮ দলের ডাকে আধা বেলা হরতাল পালিত হয়েছে। জয়পুরহাটে আধা বেলা হরতাল পালিত হয়েছে জেলা ছাত্রদলের ডাকে।
কুমিল্লা (উত্তর) জেলায় আজ সোমবার ও আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উত্তর জেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের মুক্তির দাবিতে আজ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারীর মুক্তির দাবিতে বুধবার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, চান্দিনা, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় হরতাল ডাকা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
খুলনায় নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে মানিকগঞ্জে আজ সকাল-সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে ছাত্রদল। নারায়ণগঞ্জে ‘একদলীয় নির্বাচন’ বাতিল, জাতীয় ও স্থানীয় নেতা-কর্মীদের মুক্তি এবং যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ সব নেতা-কর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ মহানগরের তিন থানায় আধা বেলা হরতাল ডেকেছে মহানগর যুবদল।