১৩ ডিলারের সবাই আ.লীগের নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ১৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সবাই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী বা সমর্থক। অভিযোগ উঠেছে, ডিলার নিয়োগ দিতে নিয়ম মানা হয়নি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগণের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করে। এ জন্য গত ১৮ সেপ্টেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ১৩ জন ডিলার নিয়োগ করা হয়। উপজেলায় ৫ হাজার ৩৫৬ জন সুবিধাভোগীর তালিকা করা হয়েছে। খাদেরগাঁও, নায়েরগাঁও দক্ষিণ, নায়েরগাঁও উত্তর, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নে দুজন করে এবং নারায়ণপুর ইউনিয়নে তিনজন ডিলার নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১৩ জন ডিলার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। নারায়ণপুর ইউনিয়নের ডিলার সফিকুল ইসলাম ও নজরুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। অন্য ডিলার কাউছার আলম ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

খাদেরগাঁও ইউনিয়নের ফারুক বিন জামান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহ মোয়াজ্জেম শেখ আওয়ামী লীগের সমর্থক। নায়েরগাঁও দক্ষিণের সাইফুল ইসলাম ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং রিপন মিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নায়েরগাঁও উত্তরের ইসমাইল পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্নাজ সরদার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। উপাদী উত্তর ইউনিয়নের দেলোয়ার হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও শ্যামল কর্মকার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া উপাদী দক্ষিণের শুক্কুর বকাউল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও জামাল হোসেন আওয়ামী লীগের সমর্থক।

এদিকে সরকারি নিয়ম অনুযায়ী, ডিলার হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির তাঁর ইউনিয়নে বড় হাট বা বাজারে নির্ধারিত দোকান থাকতে হবে। আর ওই দোকানে কমপক্ষে ১৫ টন মালপত্র মজুত থাকতে হবে। তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ডিলারদের মধ্যে ফারক বিন জামান, রিপন মিয়া ও জামাল হোসেনের দোকান রয়েছে। বাকি ১০ ডিলারের দোকান নেই। তাঁরা চাল ব্যবসার সঙ্গেও যুক্ত নন।

ডিলার নজরুল ইসলাম, কাউছার আলম ও দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ করায় তাঁরা ডিলারশিপ পেয়েছেন। এতে সমস্যা হচ্ছে না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, শর্ত ও নিয়ম মেনে ডিলার নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের লোকদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়মের অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।