১৩ তরুণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে প্রতারণার শিকার ১৩ তরুণকে উদ্ধার ও এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, ভুটানে কাজ দেওয়ার কথা বলে উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে নিয়ে যাওয়ার সময় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ বন্দরের স্বাক্ষরপাজা আবাসিক হোটেল থেকে ১৩ তরুণকে উদ্ধার করেছে। তরুণেরা হলেন: চাঁদপুর সদর উপজেলার হোসেনপুর গ্রামের রাসেল, রফিক, স্বপন, শিপন, বিল্লাল, শাহাদত ও সেলিম; কুমিল্লার বড়ুরা উপজেলার মানিক; টাঙ্গাইলের কালীহাতি উপজেলার রইচ, রিপন, ইউনুস ও হুমায়ুন। এ ঘটনায় কুমিল্লার বড়ুরা উপজেলার হাজি আম্বর আলীর ছেলে সেকান্দার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুরের রাসেল ও রফিক জানান, সেকান্দার আলীর ছেলে ফারুক ভুটান থাকেন। তাঁর মাধ্যমে তাঁদের ভুটানে রাজমিস্ত্রি ও শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে সেকান্দার আলী প্রত্যেকের কাছ থেকে ৪০-৫০ হাজার টাকা করে নিয়েছেন। তাঁদের বুধবার রাতে একটি নৈশকোচে করে চাঁদপুর ও টাঙ্গাইল হয়ে বুড়িমারী নিয়ে আসেন এবং বন্দরের হোটেলে থাকতে বলেন।কালীহাতি উপজেলার রইচ জানান, তাঁদের পাসপোর্ট সঙ্গে থাকলেও কোনো ভিসা লাগেনি। সেকান্দার আলী জানান, বুড়িমারীতে ভিসা লাগানোর অফিস আছে, সেখানে ভিসা দেওয়া হবে। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম মু. ইসতেশাম বলেন, সেকান্দার আলীর বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।