১৩ থেকে ২৩ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ
১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরা, মজুত ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালের ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ কিছু ধারা ২০১১ সালের সেপ্টেম্বরে সংশোধন করে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংশোধিত আইনানুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও পরিবহন, বিপণন ও মজুত করা নিষিদ্ধ। সংশোধিত আইনানুযায়ী, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার দিনক্ষণ অনুযায়ী এই নিষেধাজ্ঞার দিন নির্ধারিত হবে। সংশোধিত আইনে, নিষেধাজ্ঞাকালীন এসব কর্মকাণ্ডের জন্য আটক ব্যক্তিকে এক থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং কমপক্ষে এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ আইন ভাঙতে না পারে, সে জন্য মৎস্য অধিদপ্তর ও উপকূলীয় ৮৪টি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, জলবায়ু ও আবহাওয়ায় পরিবর্তনের কারণে দেশের মৎস্য বিশেষজ্ঞেরা অনেক দিন ধরেই ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফেরের আভাস দিয়ে আসছেন। এ জন্য তাঁরা ইলিশ মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের পক্ষে মতামত দেন।
বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন জানান, এ কর্মসূচি বাস্তবায়নে ৯ অক্টোবর থেকে প্রচার ও সচেতনতামূলক সভা করা হবে। এই ১১ দিন জেলার সব বরফকল বন্ধ রাখা হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের’ পরিচালক (পিডি) এ বি এম জাহিদ হাবিব বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের ফলে গত দুই বছর অনেক সুফল পাওয়া গেছে।