১৩ দফা অনুসারে পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি ও আন্ত মন্ত্রণালয় সভায় অনুমোদিত ১৩ দফা সংশোধনী প্রস্তাব অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধনের দাবি জানিয়েছে ১০ দল। গতকাল রোববার সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারের ভেতরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন চায় না এমন একটি মহল রয়েছে। তাদের ষড়যন্ত্র ও হস্তক্ষেপের কারণেই ১৩ দফা অনুযায়ী সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়নি। সেই ত্রুটিপূর্ণ প্রস্তাবই মন্ত্রিসভা অনুমোদন করেছে। জাতীয় সংসদে বিলও উত্থাপন করা হয়েছে ওই ত্রুটিপূর্ণ প্রস্তাব অনুযায়ীই।

ওই বিল সংসদে পাস হলে আইনে যে সংশোধন হবে তা দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী সেখানকার ভূমি বিরোধের নিষ্পত্তি হবে না। নতুন করে আরও জটিলতা সৃষ্টি হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন সুদূর পরাহত হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়। চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য একটি কমিশন গঠন ও ওই কমিশনের কাজের জন্য একটি আইন প্রণয়নের কথা আছে। সে অনুযায়ী ২০০১ সালের ১২ জুলাই (তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের এক দিন আগে) সরকার সংসদে ভূমি কমিশন আইনটি পাস করে।

কিন্তু ওই আইনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে বিরোধাত্মক কিছু বিষয় স্থান পায়। আইন পাসের আগে এ বিষয়ে জনসংহতি সমিতির সঙ্গে সরকার কোনো আলোচনা করেনি। আইন পাসের পর তারা ২৩টি বিরোধাত্মক বিষয় চিহ্নিত করে সরকারকে জানায় এবং সেগুলো সংশোধনের দাবি করে। এরপর বিগত বিএনপি-জামায়াত জোট সরকার, তার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকার জনসংহতি সমিতির মধ্যে বিষয়টি নিয়ে অসংখ্যবার সভা হয়েছে। প্রত্যেক সরকারের সময়ই আইনটি সংশোধনের সিদ্ধান্তও হয়েছে, কিন্তু কার্যকর হয়নি।

১০ দলের সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিলটি এখনো ১৩ দফা প্রস্তাব অনুযায়ী সংশোধন করে পাস করার সুযোগ আছে। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। এ সময় ১০ দলভুক্ত গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, গণ-আজাদী লীগ, বাসদ, জনসংহতি সমিতি, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপের নেতারা উপস্থিত ছিলেন।