হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আমির আল্লামা নূর হুসাইন কাশেমী বলেছেন, তাঁদের আন্দোলন ১৩ দফা প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলন ইসলাম ও স্বাধীনতা রক্ষার জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। ফরিদপুরে গতকাল শুক্রবার আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ভাঙ্গার রাস্তার মোড়ে বেলা দুইটায় শুরু হয়ে সমাবেশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে। মঞ্চে আগে থেকেই বসা ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও বিএনপিদলীয় সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর। তবে তাঁরা কোনো বক্তব্য দেননি। প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ‘প্রধানমন্ত্রী ঘুঘু দেখেছেন, কিন্তু ফাঁদ দেখেননি। ৬ এপ্রিল আমরা তাঁকে হলুদ কার্ড দেখিয়েছি। আগামী ৫ মে তিনি চূড়ান্ত লড়াই দেখবেন।’ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা ফয়জুল্লাহ বলেন, ‘অনেক সহ্য করেছি। এবার পাল্টা আঘাত করা হবে। প্রস্তুতি গ্রহণ করুন। আগামী ৫ মে হবে এই সরকারের শেষ দিন।’ ঢাকা মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুর রফিক বলেন, ৫ মের মধ্যে সরকার দাবি না মানলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে ক্ষতি হবে, তা মেনন ও মতিয়া ঠেকাতে পারবেন না। ঢাকা মহানগরের আরেক উপদেষ্টা মাওলানা মো. ইসাহাক বলেন, ‘৫ মে ঢাকায় ফাইনাল গেম হবে।’ঢাকা মহানগরের নেতা মুফতি সাখাওয়াৎ ইসলাম বলেন, ১৩ দফা বাস্তবায়িত হলে দেশের নারীসমাজ সম্মান ফিরে পাবে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মইনউদ্দিন রুহী বলেন, মাহমুদুর রহমানকে ৫ মের মধ্যে মুক্তি না দিলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে। ফরিদপুর জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা জাফরউল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান, মুফতি হাবিবুর রহমান, ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব আবদুর রব ইউসুফী, ঢাকা মহানগরের যুগ্ম সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন আকরাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মজিবর রহমান পেশোয়ারী প্রমুখ।জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হজরত মওলানা খলিলুর রহমান বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভাঙ্গার মামলা প্রত্যাহার করা না হলে ভাঙ্গা অভিমুখে লংমার্চ করা হবে।