১৩ দফা দাবিতে ধর্মঘট ডেকেছে পেট্রলপাম্প মালিক ও শ্রমিকেরা
জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে পেট্রলপাম্প খাতের মালিক ও শ্রমিকেরা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরি সভায় এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়। ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর নেতারা জানান, ধর্মঘট শুরু হবে ৯ মে সকাল ছয়টা থেকে। ধর্মঘট চলাকালে সারা দেশে পেট্রলপাম্প ও ট্যাংকলরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। এর আগে ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনেও এই সংগঠন দুটি ৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। ঐক্য পরিষদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেলে ভেজাল রোধে প্রতিটি ডিপোতে পরীক্ষাগার স্থাপন, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে মালিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া ও ট্যাংকলরির চালকদের পুলিশি হয়রানি বন্ধ। গতকালের সভায় সভাপতিত্ব করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন শাজাহান সিরাজ, আবদুর রহিম, মমিন দুলাল, কফিল উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।