১৩ দফা দাবিতে পেট্রল পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন পেট্রলপাম্প খাতের মালিক ও শ্রমিকেরা। আজ সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হবে।১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ দাবি পূরণ না হলে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল।ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর নেতারা জানান, ধর্মঘট চলাকালে সারা দেশে পেট্রলপাম্প ও ট্যাংকলরিতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে।ঐক্য পরিষদের দেওয়া ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেলে ভেজাল রোধে প্রতিটি ডিপোতে পরীক্ষাগার স্থাপন, পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে মালিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পেট্রলপাম্প স্থাপনের নীতিমালা প্রণয়ন, ট্যাংকলরি চালকদের পুলিশের হয়রানি বন্ধ। এসব দাবিতে ১৪ মার্চ সারা দেশে অর্ধদিবস ধর্মঘট পালন করা হয়।পরিষদের নেতা নাজমুল হক গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে দীর্ঘদিন সময় দেওয়া হয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই তাঁরা ধর্মঘটে যাচ্ছেন।