১৩ দফা না মানলে সরকারকে লেজ গুটিয়ে পালাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবি না মানলে আওয়ামী লীগ সরকারকেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। গতকাল শনিবার সিলেটে বিভাগীয় মহাসমাবেশে বক্তৃতায় নেতারা বলেন, ১৩ দফা মেনে নিন। নইলে ক্ষমতায় থাকতে পারবেন না, আর আসতেও পারবেন না। নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে মহাসমাবেশ। হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মুহিবুল হক গাছবাড়ির সভাপতিত্বে মহাসমবেশে সিলেট বিভাগের চার জেলার অর্ধশতাধিক নেতা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ১৩ দফা দাবির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ব্লাসফেমি শব্দটি ১৩ দফা দাবির কোথাও উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে খোদায় বিদ্রোহী, ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করতে হবে। হেফাজতে ইসলাম সিলেট জেলার সভাপতি মুহিবুল হক গাছবাড়ির সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ হাবিবুর রহমান, শায়খ জিয়া উদ্দিন, মাওলানা আবদুল বাসিত বরকতপুরী, মাওলানা নুরুল ইসলাম আলীপুরী, মাহমুদুল হক, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, আল্লামা রশীদ রহমান, মাওলানা নুরুল ইসলাম খান, জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা জুবের আহমদ আনসারী, সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী, শফি উদ্দিন প্রমুখ। আমাদের ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে গতকাল হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে কতিপয় নাস্তিক ব্লগারের পৃষ্ঠপোকতার অভিযোগ এনে সরকারের তীব্র সমালোচনা করেছেন। ইত্তেফাকুর উলামা বৃহত্তর মোমেনশাহীর আয়োজনে শহরতলির খাকডহর বাইপাস মোড়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে হেফাজতে ইসলামের চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহম্মদ বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সরকারের বিরুদ্ধে ৫ মে থেকে কঠোর আন্দোলন করা হবে। দাবি না মানলে এই সরকারের আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না। মাওলানা আবদুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য দেন মজলিশে আলেমার সভাপতি খালেদ সাইফুল্লাহ, শায়খুল হাদিস মাওলানা আবদুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।