১৩ দফা না মানলে ৫ মে অবস্থা হবে ভয়াবহ: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে সরকার ১৩ দফা মেনে না নিলে ৫ মে ঢাকা অবরোধ করা হবে। হেফাজতের আন্দোলন ইসলাম ও স্বাধীনতা রক্ষা জন্য। দাবি আদায় না মানলে ৫ মে অবস্থা হবে ভয়াবহ।গতকাল শনিবার হেফাজতে ইসলাম আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশে বক্তারা এসব কথা বলেন। খুলনা নগরের ডাকবাংলো মোড়ে গতকাল বেলা ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসমাবেশ চলে। মহাসমাবেশে সংহতি জানাতে মঞ্চে যান বিএনপির খুলনা মহানগরের সভাপতি সাংসদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এবং বিএনপির নগর কমিটির সহসভাপতি শাহরুজ্জামান মোর্তজা। তবে তাঁরা সমাবেশে বক্তব্য দেননি। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে হেফাজতের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। তাঁদের হাতে ছিল নানা রকম ফেস্টুন ও প্ল্যাকার্ড। সমাবেশস্থলে বিভিন্ন ফেস্টুনে লেখা ছিল, নাস্তিকদের বাংলাদেশে ঠাঁই নেই, ধর্মদ্রোহী নাস্তিকদের ফাঁসি চাই ও মাহমুদুর রহমানের মুক্তি চাই। এ সময় সমাবেশ থেকে স্লোগান উঠতে থাকে—‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নাস্তিকদের ফাঁসি চাই।’ খুলনা জেলা ও মহানগরের আমির মোস্তাক আহমেদের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুর হাছান, হুমায়ুন কবীর ও মুফতি মাওলানা ফয়জুল্লাহ, কেন্দ্রীয় নেতা মুফতি হাবীবুর রহমান কাসেমী, ঢাকা মহানগরের আমির আল্লামা নূর হুসাইন কাশেমী, যুগ্ম সদস্যসচিব মাওলানা শাখাওয়াত হোছাইন, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ ঢাকা মহানগর ও খুলনা বিভাগের নেতারা। সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের নেতা মাওলানা মুফতি ফখরুল ইসলাম বলেন, বর্তমান দেশে ইসলাম যায় যায় অবস্থা। রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ছাড় দেওয়া হবে না। সরকারকে ৬ এপ্রিল হলুদ কার্ড দেখানো হয়েছে, ৫ মে লাল কার্ড দেখানো হবে। মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘১৩ দফা দাবির মধ্যে নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবি রয়েছে। ওই ১৩ দফা দাবি বাস্তবায়িত হলে নারীরা সম্মানের আসনে বসবে। আমাদের নেতা-কর্মীদের ছেড়ে না দিলে ৫ মে অবস্থা হবে ভয়াবহ।’ মাওলানা মাইনউদ্দিন রুহী বলেন, ‘সরকার নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়েছে। আর নারীদের পণ্য হিসেবে ব্যবহার করছে। ৫ মের মধ্যে সরকার দাবি না মানলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে ক্ষতি হবে—তা মেনন ও মতিয়া ঠেকাতে পারবেন না।’ মাওলানা আবদুল রফিক বলেন, ‘আমাদের দাবি মানলে সরকারের মঙ্গল হবে। শাহবাগের নাস্তিক ব্লগাররা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা চায়, বঙ্গবন্ধুর বাংলা চায় না। তাই তারা জয় বাংলা বলে স্লোগান দেয়।’ মাওলানা জাফরউল্লাহ খান বলেন, ‘আমাদের কলমসৈনিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে সরকার। তাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। দ্রুত তাঁর মুক্তি না দিলে ঘরে ঘরে আগুন জ্বলবে।’ খুলনা জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার ও তাদের দোসররা ইসলামকে নিয়ে নানা যড়যন্ত্র করছে। ক্ষমতাসীন দলের এক নেতা বলেছে হেফাজত লেজ গুটিয়ে পালিয়েছে। হেফাজত পালিয়ে যায়নি। হেফাজতের নেতা-কর্মীরা রাজপথকে স্বোচ্চার করে তুলেছে। আমাদের ১৩ দফা না মানলে মসনদ থেকে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে।’