১৩ দফা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতের কর্মকাণ্ড ও ১৩ দফা দাবি নিয়ে মুখচেনা বুদ্ধিজীবীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। গতকাল বুধবার সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ করেন। আগামীকাল শুক্রবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে রেসালাত মহাসমাবেশ সফল করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নগরের জুবিলি রোডে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির তাজুল ইসলাম, শামসুল আলম, মহানগর সহসভাপতি আবদুল জব্বার, হাফেজ তৈয়ব, প্রশিক্ষণ সম্পাদক হারুন বিন ইজহার, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মুফতি হাসান মুরাদ, কেন্দ্রীয় নেতা মুনির আহমদ, সোহাইল ছালেহ প্রমুখ। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রসঙ্গে বলা হয়, ‘কিছু মুখচেনা বুদ্ধিজীবী হেফাজতে ইসলামের কর্মকাণ্ড ও ১৩ দফা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতে উঠেপড়ে লেগেছেন। তাঁরা আমাদের দাবিগুলো নিয়ে পানি ঘোলা করছেন। ব্যাপক অপপ্রচার চালাচ্ছেন। কোনো কোনো দফাকে নারী অধিকারের বিপক্ষে বলে উপস্থাপন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ১৩ দফার ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। এরপর আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই। আরও বলা হয়, ‘আমাদের দাবিগুলো নারীদের নিরাপত্তা, নারীর সম্মানজনক কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থে নারী উন্নয়নের সহায়ক।’ ফটিকছড়ির ভুজপুরের ঘটনায় হেফাজতের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, ‘আওয়ামী লীগ ও এলাকাবাসীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের আড়াল করা এবং হেফাজতে ইসলামের ইমানি আন্দোলনকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যে এর সঙ্গে হেফাজতে ইসলামকে জড়ানোর নিন্দনীয় অপচেষ্টা চলছে। হেফাজতের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।’ ওই ঘটনায় গ্রেপ্তার করা আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে বনমন্ত্রী হাছান মাহমুদের মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, ‘মাহমুদুর রহমানের মুক্তি দাবি করায় হেফাজতে ইসলামের আন্দোলনকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমরা ইতিপূর্বে চ্যালেঞ্জ করেছি, হেফাজতে ইসলামের আন্দোলনে কারও সঙ্গে কোনো রকম টাকা লেনদেনের সম্পর্ক নেই।’ ৬ এপ্রিল চট্টগ্রামের ওয়াসা মোড়ে হেফাজতের সমাবেশ এবং পরে মিছিল থেকে সংবাদকর্মীদের ওপর হামলার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতের নেতারা বলেন, হামলাকারীরা হেফাজতের কর্মী ছিলেন না। তাঁরা ২৬ এপ্রিল রেসালাত সম্মেলনে সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবার সহযোগিতা আশা করেন।