১৩ দফা বাস্তবায়নে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত, বিমানবন্দরের আধুনিকায়নসহ ১৩ দফা বাস্তবায়নে জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দাবি করেছে কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতি।

গতকাল বুধবার হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী এই দাবি তুলে ধরেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোটেল দ্য কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ূম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান এম এন করিম, হোটেল মিশুকের পরিচালক বদরুজ্জামান, হোটেল সি-ইনের চেয়ারম্যান নুরুল আবছার, লং বিচ হোটেলের মহাব্যবস্থাপক এ বি এম কামাল উদ্দিন ও সি-গাল হোটেলের মহাব্যবস্থাপক ইমরুল ইসলাম সিদ্দিক।

শাহ আলম চৌধুরী বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে হামলা এবং এরপর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ও হরতালের কারণে কক্সবাজারে পর্যটকের আগমন একেবারে কমে গেছে। ইতিমধ্যে বিভিন্ন হোটেলের ১০ হাজারের বেশি কর্মচারী ছাঁটাই করতে হয়েছে।

তিনি আরও বলেন, লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করতে গিয়ে মালিকদের হিমশিম খেতে হচ্ছে। তাই আগামী পাঁচ বছর পর্যন্ত হোটেল-মোটেলকে ভ্যাট দেওয়া থেকে মুক্ত রাখা জরুরি। অন্যথায় লোকসানের মুখে হোটেল-মোটেল বন্ধ হলে পর্যটনশিল্পে ধস নেমে আসবে।

সংবাদ সম্মেলনে সেবা খাত হিসেবে কক্সবাজারের হোটেল-মোটেলকে ভ্যাটের আওতামুক্ত করা, পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ দ্রুত বাস্তবায়নসহ ১৩ দফা বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।