১৩ দিন পর পানি এলেও দিনভর চলে আসা-যাওয়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ৮/এ সড়কে ওয়াসার পানির পাম্পে নতুন গভীর নলকূপ বসানোর তৎ​পরতা চলছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ধানমন্ডি ৮/এ সড়কে ওয়াসার পানির পাম্পে নতুন গভীর নলকূপ বসানোর তৎ​পরতা চলছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

টানা ১৩ দিন পানিবিহীন থাকার পর সোমবার রাত দুইটার দিকে পানি এসেছিল। গতকাল মঙ্গলবার সকাল আটটায় আবার পানি চলে যায়, আসে ১০টায়। এক ঘণ্টা থাকে। ১১টা নাগাদ চলে গিয়ে আবার আসে বেলা তিনটায়। আধ ঘণ্টা থাকার পর আবার বন্ধ।
রাজধানীর ধানমন্ডির ৮/এ, ৯/এ ও ১০/এ সড়কে সোমবার রাত দুইটা থেকে পরবর্তী ১৩ ঘণ্টার চিত্র ছিল এ রকম। গতকাল এলাকা ঘুরে এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া যায়। ৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসব এলাকার বাসিন্দারা পানির এই ভোগান্তিতে ছিলেন।
এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব গতকাল প্রথম আলোকে বলেন, ধানমন্ডি ৮/এ সড়কের পানির পাম্পের উৎপাদনক্ষমতা কমে যাওয়ায় এ সমস্যা হচ্ছে। কাল (বুধবার) নতুন গভীর নলকূপ বসানো হবে। নলকূপ বসানোর কাজের জন্য বুধবার ১০ ঘণ্টা পানি থাকবে না।
পানির সংকট নিয়ে ১৫ আগস্ট প্রথম আলোয় ‘১১ দিন পানি নেই ধানমন্ডিতে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপর সোমবার রাত থেকে পানি আসা শুরু হয়।
তবে কোনো কোনো বাড়িতে আরও পরে পানি আসে এবং আধ ঘণ্টা, এক ঘণ্টা থেকে আবার চলে যায়। যেমন, ৮/এ সড়কের ৩০০ নম্বর বাড়িসহ প্রায় ২০টি বাড়িতে পানি আসে সোমবার ভোররাত সাড়ে তিনটা নাগাদ। ৩০০ নম্বর বাড়ির বাসিন্দা মারিয়াম মোবাশ্বেরা বলেন, প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত সরবরাহ ভালোই ছিল। এরপর পানি আসে আর যায়। কখনো আধ ঘণ্টা স্থায়ী হয়, কখনো এক ঘণ্টা।
এসব বাড়ির বাসিন্দারা জানান, গত এপ্রিল থেকেই মূলত পানির সমস্যা। এপ্রিলে ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে তাঁরা জানতে পারেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নতুন প্রকল্পে যে চওড়া পাইপ লাইন বসছে, সে জন্য সমস্যা হচ্ছে। কিন্তু চলতি মাসের ৫ তারিখ থেকে পানি একেবারেই নেই। আঞ্চলিক কার্যালয়ে এ বিষয়ে লিখিত আবেদনও জানানো হয়।
১০ ঘণ্টা পানি থাকবে না: ধানমন্ডি ৮/এ সড়কে ওয়াসার পানির পাম্পে আজ পুরোনো গভীর নলকূপটি ওঠানো হবে। এরপর নতুন নলকূপ বসানো হবে। ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব বলেন, এতে কমবেশি ১০ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর এলাকার পানির সমস্যা থাকবে না বলে আশা করা যায়।