১৩ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ডুবে যাওয়ার ১৩ দিন পর ইঞ্জিনচালিত ট্রলারটির ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে ট্রলারটিও নদীর তলদেশ থেকে তুলে আনা হয়েছে। স্থানীয় ডুবুরিরা টানা কয়েক দিন চেষ্টা চালিয়ে গত সোমবার রাতে মেঘনার নবীনগর মোহনা থেকে ট্রলার ও লাশ উদ্ধারে সক্ষম হন। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমোজা গ্রামের আবদুর রউফ (৭০) ও পরিষ্কার বেগম (৫৫)। তবে এখনো নিখোঁজ আছেন পরিষ্কার বেগমের স্বামী রইছ মিয়া।
২৭ আগস্ট বিকেলে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী এবং মালামাল বোঝাই করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বরাইলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর ঘাটের কাছেই ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।