১৩ দিনে মাত্র ঘণ্টাখানেক প্রচারণায় ছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরওয়ার জামাল
সরওয়ার জামাল

একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু হয় ১১ ডিসেম্বর থেকে। কিন্তু ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনে মাত্র ঘণ্টাখানেক প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। এতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ বলে জানা গেছে।

নির্বাচনী প্রচারণা থেকে সরওয়ার জামাল নিজামের দূরে থাকার কারণও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে এ আসনে নির্বাচনী প্রচারণা অনেকটা একতরফায় পরিণত হয়েছে।

এই নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থীর কোনো পোস্টার সাঁটানো হয়নি। কোনো ব্যানারও নেই। অর্থাৎ চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা বোঝারও কোনো উপায় নেই।

কর্ণফুলী থানা এলাকার বিএনপির সমর্থক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন পর জাতীয় সংসদ নির্বাচন। প্রায় দুই সপ্তাহ আগে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। কিন্তু এক মুহূর্তের জন্য বিএনপির প্রার্থী কর্ণফুলী এলাকায় গণসংযোগে আসেননি।

দলীয় সূত্র জানায়, ১১ ডিসেম্বর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। কিন্তু সরওয়ার জামাল নিজাম আনোয়ারা উপজেলার বুরুমছড়ায় গণসংযোগে যান ১৪ ডিসেম্বর। এটা ছিল তাঁর একমাত্র প্রচারণা। এর আগে ও পরে মাঠে তাঁকে দেখা যায়নি। ওই দিন ঘণ্টাখানেক প্রচারণা চালিয়ে তিনি শহরে চলে যান।

ক্ষুব্ধ নেতারা জানান, পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলায় বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীর প্রচারণায় সম্প্রতি গুলি চালানো হয়েছে। প্রয়োজনে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে প্রচারণা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন। এক মুহূর্তের জন্য মাঠ ছাড়েননি জাফরুল। চট্টগ্রামের অন্য এলাকায় বিএনপির কেউ মাঠ ছাড়েননি। ব্যতিক্রম কেবল চট্টগ্রাম–১৩ আসনের প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

আনোয়ারা উপজেলা বিএনপির একজন ক্ষুব্ধ নেতা নাম প্রকাশ না করে জানান, সরওয়ার জামাল বিএনপির মনোনয়ন পাওয়ার পর চুপসে গেছেন। তিনি কেন প্রচারণায় নেই, তা কেউ বলতে পারছেন না। কারও ফোনও ধরছেন না।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আব্বাস বলেন, ‘কেন প্রচারণায় নেই তা আমাকে জিজ্ঞেস করছেন কেন? এমপি প্রার্থীকে জিজ্ঞেস করুন।’

সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। এমনকি খুদে বার্তাও পাঠানো হয়। কিন্তু তিনি নীরব ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কর্ণফুলী উপজেলার বাসিন্দা এস এম মামুন মিয়া বলেন, ‘চট্টগ্রাম–১৩ আসনে প্রচারণায় আমরা অনেকটা পিছিয়ে। এ জন্য সরকারের দমন–নিপীড়ন অনেকাংশে দায়ী। আরও এক সপ্তাহ সময় আছে। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।’