১৩ দিনেও উদ্ধার করা যায়নি
ভারত থেকে বন্যায় ভেসে আসা হাতিটি ১৩ দিনেও উদ্ধার করা যায়নি। বর্তমানে এটি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চড়াইহাটি চরে আটকে আছে। ঢাকা ও রাজশাহী থেকে আসা আট সদস্যের উদ্ধারকারী দল পর্যবেক্ষণ ছাড়া কিছুই করতে পারছে না।
ঘটনাস্থলে থাকা বন বিভাগের পর্যবেক্ষক দলের প্রধান গাজীপুরে বঙ্গবন্ধুসাফারি পার্কের কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, ‘হাতিটিকে নিয়ে আমরা বিপাকে পড়েছি। প্রাণীটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকায় চেতনানাশক পদ্ধতি ব্যবহার করতে পারছি না। কারণ, এতে পানিতে পড়ে ভেসে যাবে, মারাও যেতে পারে। ক্রেন দিয়ে উদ্ধার করব, সে উপায়ও নেই।’
জাহাঙ্গীর কবির আরও বলেন, ‘যে পরিমাণ খাবার দরকার, তা হাতিটি পাচ্ছে না। ভারতীয় উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। কিন্তু গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তারা আসেনি। হাতিটি ফেলে রেখেও আমরা যেতে পারছি না।’
পর্যবেক্ষণে থাকা রাজশাহী বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সহকারী সার্জন সোহেল রানা বলেন, বন্যার পানিতে হাতি ভেসে আসার এটি প্রথম ঘটনা। দীর্ঘদিন চরের পানি ও কাদায় থাকার কারণে রোগে আক্রান্ত হওয়ার ভয় আছে। দুর্গম চরাঞ্চলে হাতিটি খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উদ্ধার সরঞ্জাম না থাকায় একে উদ্ধার করা যাচ্ছে না। এভাবে সময় যেতে থাকলে যেকোনো সময় হাতিটি মারা যেতে পারে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক বলেন, হাতিটি আগের মতো নড়াচড়া করতে পারে না। দুর্বল হয়ে পড়েছে। শত শত মানুষ একে দেখতে আসছে। আগে মানুষ দেখলে হুংকার দিত। এখন দেয় না। ভয়ে কেউ খাবারও দিতে যায় না। বন বিভাগের লোকজন প্রতিদিন একবার করে দেখে আর চলে যান।
বন্যার পানিতে গত মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে হাতিটি ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। ভাসতে ভাসতে হাতিটি প্রথমে উলিপুর উপজেলার চরবাগুয়ার আটকা পড়ে। ওই চরে সারা দিন অবস্থানের পর রাতে আবার ভেসে চিলমারী উপজেলার খেড়ুয়ারচরে আসে। সেখান সারা দিন অবস্থানের পর আবারও রাতে এটি ভাসতে ভাসতে দক্ষিণ দিকে রাজীবপুরের চড়াইহাটির কাশবনে আটকা পড়ে।