১৩ দিনেও খোলেনি রহস্যের জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডের ১৩ দিন পরও রহস্যের জট খোলেনি। পুলিশ দিনরাত কাজ করছে দাবি করলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শনাক্ত করা যায়নি মোটরসাইকেল আরোহী তিন যুবককে। উদ্ধার হয়নি নিহত মাহমুদার মুঠোফোনও।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল, এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আবু নছর ওরফে গুন্নুকে ৮ জুন এবং শাহজামান ওরফে রবিনকে ১০ জুন গ্রেপ্তার করে পুলিশ। সাত দিনের রিমান্ডে নিয়ে তাঁদের গত সোমবার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাঁরা এ ঘটনায় জড়িত কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর নতুন করেও সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
মামলার অগ্রগতি জানতে চাইলে গতকাল শুক্রবার দুপুরে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘কেউ বসে নেই। সবাই দিনরাত কাজ করছে।’ কাজ করলে ১২ দিনেও ঘটনার সূত্র পাওয়া যায়নি কেন—এই প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত আছে। সময় হলে সবাইকে জানানো হবে।