
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই নমুনা যুক্তরাষ্ট্রে পাঠাবে।
হত্যাকাণ্ডের ১৩তম দিন পার হয়েছে গতকাল মঙ্গলবার। তবে এ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে অভিজিতের পরিবার। হত্যাকারীদেরও শনাক্ত করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতির পর আলামতগুলো মার্কিন দূতাবাসের মাধ্যমে শিগগিরই যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। এসব আলামতের ডিএনএ পরীক্ষার উদ্যোগটা অবশ্য যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)।
এর আগে হত্যাকাণ্ডের স্থল থেকে সংগৃহীত আলামত যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে গতকাল আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী ডিবি পরিদর্শক ফজলুর রহমান। আলামতের মধ্যে রয়েছে হাতলে কাগজে মোড়ানো দুটি চাপাতি, কাধে বহনকারী একটি ব্যাগ, চুল, নখ, রক্তসহ ১২ ধরনের নমুনা। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ডিএনএ পরীক্ষার জন্য তা যুক্তরাষ্ট্রে পাঠাতে অনুমতি দেন। এ ছাড়া আদেশে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগকে আলামত পরীক্ষা করে একটি প্রতিবেদন তদন্ত কর্মকর্তাকে দিতে বলেছেন আদালত।
তদন্তে অগ্রগতি নেই: হত্যা মামলার কোনো অগ্রগতি না থাকায় অভিজিতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। অভিজিতের ছোট ভাইয়ের স্ত্রী কেয়া বর্মণ গতকাল প্রথম আলোকে বলেন, এফবিআই এলেও ১৩ দিনেও হত্যার ঘটনায় কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, শুধু হুমকিদাতা শফিউর রহমান ফারাবী ছাড়া আর কাউকে ধরতে না পারা ব্যর্থতা ছাড়া আর কী হতে পারে? হত্যকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান কেয়া বর্মণ।