ভূমিকম্প হলে কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হবে, সে বিষয়ে তিন দিনের প্রস্তুতিমূলক অনুশীলন আজ থেকে শুরু হচ্ছে ঢাকায়। সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় এ অনুশীলনে যুক্তরাষ্ট্র, ভারতসহ ১৩টি দেশ অংশ নিচ্ছে। গতকাল রোববার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদুল্লাহ ও লে. কর্নেল তৌহিদ-উল-ইসলাম।সংবাদ সম্মেলনে বলা হয়, তিন দিনের এ অনুষ্ঠানের উদ্বোধন হবে আজ সকাল নয়টায় আর্মি গলফ ক্লাবে। ১৯ সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা ও পুরান ঢাকায় এর মাঠপর্যায়ের অনুশীলন হবে। এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, ভূমিকম্পের পরে উদ্ধার অভিযানে যাঁরা অংশ নেবেন, তাঁদের যন্ত্রগুলো ঠিকমতো কাজ করে কি না, মানুষ উদ্ধার হতে পারে কি না বা চিকিৎসাসেবা ঠিকমতো পায় কি না—এসব যাচাই করে দেখা হবে।