১৩ পদের মধ্যে ১০টিই শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ১৩ পদের মধ্যে ১০টিই শূন্য। অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন, শিক্ষা কর্মকর্তার এতগুলো পদ শূন্য থাকার কারণে বিদ্যালয়গুলোর সঠিক তদারকি হচ্ছে না। এতে প্রাথমিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভাসহ সদর উপজেলার ২১টি ইউনিয়নে ২৮৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে ১৩টি। কিন্তু এক বছর ধরে ১০টি সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য। এই পরিস্থিতিতে কর্মরত তিনজন কর্মকর্তাকে রাত জেগে কাজ করতে হচ্ছে। পূর্ব কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কলেজশিক্ষক সরোজিৎ সেন বলেন, শিক্ষা কর্মকর্তারা এখন আর আগের মতো বিদ্যালয় পরিদর্শনে আসেন না। এতে বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন হ্রাস পাচ্ছে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে শিক্ষা কর্মকর্তা নিয়োগ না দিলে বিগত দিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে সাফল্য অর্জিত হয়েছে, তা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, একজন শিক্ষা কর্মকর্তার প্রতি মাসে ১০টি বিদ্যালয় পরিদর্শন করার কথা থাকলেও বর্তমানে ৮০-৮৫টি বিদ্যালয় পরিদর্শন করতে হয়। এ ছাড়া বিভিন্ন জাতীয় কর্মসূচি, পরীক্ষাসংক্রান্ত কাজসহ তাঁদের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, ‘কর্মকর্তাদের পদ শূন্য থাকায় আমাদের রাত জেগে কষ্ট করে দায়িত্ব পালন করতে হয়।’ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ বলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অধিকাংশ পদ খালি থাকায় বিদ্যালয়গুলো পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কর্মরত তিনজন কর্মকর্তা অনেক কষ্ট করে দায়িত্ব পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।