১৩ পরিবার সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসবাসরত ১৩টি বাঙালি পরিবার সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সকাল ১০টার দিকে বাঘাইহাট বাজার এলাকার সাজেক সড়কে চার শতাধিক শিক্ষার্থীসহ ছয় শর বেশি মানুষ দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দিন, জ্যোতিলাল কার্বারী, শিক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বিনয় চাকমা প্রমুখ। সাজেক ইউনিয়নের বাঘাইহাটে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালি সহিংস ঘটনায় দুজন নিহত হয়। এ সময় নয়টি গ্রামের ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। আশপাশের গ্রামসহ আশ্রয়হীন হয় দেড় হাজার আদিবাসী-বাঙালি পরিবার। সে সময় বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি বাঙালি পরিবার আশ্রয় নেয়। বিভিন্ন সময় ১৭টি পরিবার চলে গেলেও ১৩ পরিবার এখনো রয়েছে। এতে কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।