১৩ পরিবারকে বাসস্থান নির্মাণ করে দেওয়ার আশ্বাস ডিসির
আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের ১৩টি পরিবারকে অন্যত্র নতুন বাসস্থান নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাহিনা খাতুন। গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি এ আশ্বাস দেন। একই সঙ্গে তিনি তাঁদের বিতর্কিত জমি ছেড়ে চলে যাওয়ারও পরামর্শ দেন।
সকাল সাড়ে ১০টার সময় ডিসি শাহিনা পূর্ব মাধনগর গ্রামে গিয়ে ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। এ সময় তিনি উচ্ছেদ হওয়া লোকজন ও ডিক্রিদারদের ডেকে নিয়ে বক্তব্য দেন।
ডিসি শাহিনা উচ্ছেদ হওয়া পরিবারের উদ্দেশে বলেন, ‘আদালতের দেওয়া রায় আপনাদের মেনে নিয়ে এই জায়গা ছেড়ে দিতে হবে। আমরা অন্য জায়গায় আপনাদের নতুন বাসস্থান গড়ে তোলার সব ধরনের সহায়তা দেব। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ আছে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।’
পরে ডিসি শাহিনা অন্যত্র খাস জায়গা খুঁজে বের করে সেখানে তাদের নতুন বাসস্থান নির্মাণের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
একই সময় ডিসি শাহিনা ডিক্রিদারদের উদ্দেশে বলেন, ‘আপনারা উচ্ছেদের আগে আমাদের অন্তত বলতেন। আমরা তাদের জন্য বিকল্প বাসস্থান ঠিক করে এই জমি ছেড়ে যেতে বাধ্য করতাম। তাহলে পরিবারগুলো এত ক্ষতিগ্রস্ত হতো না।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্থ) মনিরুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান উপস্থিত ছিলেন।
উচ্ছেদ হওয়া পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে—এ খবর জানার পর গ্রিন হাউস সোস্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক মেহেদী হাসান গতকাল দুপুরে ঘটনাস্থলে আসেন। তিনি প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল, ৫ কেজি করে ডাল ও বিস্কুট বিতরণ করেন। এ সময় গ্রিন হাউস সোস্যাল অর্গানাইজেশনের সদস্য জুয়েল সরদার, আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।