১৩ পুলিশ সাক্ষী হাজির হচ্ছেন না, ১৫ বছর ধরে চলছে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে করা অস্ত্র মামলার বিচার ১৫ বছরেও শেষ হয়নি। এই মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে গত সাত বছরে কেবল সাতজনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে। সাক্ষ্য দিতে সমন পাঠানোর পরও ১৩ পুলিশ সাক্ষীকে আদালতে হাজির করা যাচ্ছে না বলে জানান সরকারি কৌঁসুলি।
২০০১ সালের ২ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকা থেকে একে-৫৬ রাইফেল, গুলিসহ সাজ্জাদ আলী খান ও মো. আলমগীর ওরফে বাইট্টা আলমগীরকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
২০০৯ সালের ২৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে মামলাটির বিচার চলছে। আগামী ২ নভেম্বর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মামলার ২০ পুলিশ সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ সাতজন সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া পাঁচ পাবলিক সাক্ষীর কেউ সাক্ষ্য দেননি।
আসামিদের মধ্যে বাইট্টা আলমগীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আর সাজ্জাদ জামিনে ছাড়া পাওয়ার পর বিদেশে পালিয়ে যান। ২০১২ সালে দুবাই থেকে ভারতে যান তিনি। সেখানে ভারতের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি এখনো ভারতের কারাগারে রয়েছেন কি না, সে বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাছে তথ্য নেই। সাজ্জাদ চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা খুনের মামলারও আসামি।
অস্ত্র মামলার সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলায় সাক্ষ্য ছাড়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করা কঠিন। সাক্ষীদের আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। পুলিশের কর্মকর্তারাই সাক্ষ্য দিতে আসছেন না।
আদালত সূত্র জানায়, পুলিশের হাজির না হওয়া সাক্ষীরা হলেন পাঁচলাইশ অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার মোসলেহ উদ্দিন, চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মনিরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও শহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াছ খান, আজিজুল হক ও খোরশেদ আলম, কনস্টেবল হারুন অর রশিদ, শুক্কুর আলী, সেলিম সরদার, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন। অস্ত্র উদ্ধারের সময় তাঁরা ডিবি ও পাঁচলাইশ থানায় কর্মরত ছিলেন।
মামলার সাক্ষী বর্তমানে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইলিয়াছ খান বলেন, আদালতে সাক্ষ্য দিতে এত বছর কোনো সমন পাননি। গত আগস্টে প্রথম তাঁর কাছে সমন আসে। মামলার আগামী ধার্য তারিখে সাক্ষ্য দিতে যাবেন বলে জানান তিনি।
অবশ্য প্রতিটি ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে আদালত থেকে সমন ও পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানান প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পুলিশ সাক্ষীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আগামী ধার্য দিনে তাঁদের আদালতে হাজির করার চেষ্টা চলছে।
২০০১ সালের ২ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় ছাত্রলীগের আট নেতা হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ডিবি পুলিশের তৎকালীন এসআই এ কে এম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। শেষ পর্যন্ত সাজ্জাদ ও বাইট্টা আলমগীরকে একে-৫৬ রাইফেল ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে সাজ্জাদের দুই সহযোগী তখন পালিয়ে যায়।