রাজশাহী নগরের সরকারি-বেসরকারি ১৩টি প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের পৌর কর বাবদ পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২ লাখ ৩৩ হাজার ৩২৩ টাকা। কোটি টাকার ওপর বকেয়া নিয়ে এই তালিকার শীর্ষে আছে রাজশাহী টেক্সটাইল মিলস, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখা। বারবার তাগাদা দিয়েও প্রতিষ্ঠানগুলো থেকে বকেয়া কর আদায় করতে না পেরে সিটি করপোরেশন এই প্রতিষ্ঠানগুলোকে বলছে ‘আদৌ পৌর কর পরিশোধ না করা প্রতিষ্ঠান’।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও জানিয়েছিলাম। সেখান থেকেও কোনো সাড়া পাইনি। তাই আমরা ঠিক করেছি যাদের এসব বকেয়া আছে, তাদের সবাইকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চিঠি দেওয়া শুরু করব। ওই সময়ের মধ্যেও যদি তারা বকেয়া পরিশোধ না করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলাও করা হবে।’
প্রতিষ্ঠানগুলো নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর আদায় শাখা একটি তালিকা তৈরি করেছে। ‘যেসব প্রতিষ্ঠান আদৌ পৌর কর পরিশোধ করে না, তাদের নাম ও পাওনার পরিমাণ’ শিরোনামের ওই তালিকা থেকে জানা যায়, সবচেয়ে বেশি পৌর কর বাকি রয়েছে রাজশাহী টেক্সটাইল মিলসের। তাদের বকেয়ার পরিমাণ ২ কোটি ৬৯ হাজার ৯৯৬ টাকা। এরপরেই আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের বকেয়া ১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৩৮০ টাকা। বাংলাদেশ ব্যাংক রাজশাহীর বকেয়া পৌর করের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৭৩৮ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে এই প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত পৌর কর ছিল বাংলাদেশ ব্যাংকের ৭ লাখ ২৮ হাজার টাকা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ২১ লাখ ৭৯ হাজার ২৭৫ টাকা ও টেক্সটাইল মিলসের ১২ লাখ ৯৬০ টাকা।
এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহীর কাছে সিটি করপোরেশনের পৌর কর বাবদ পাওনা ৫ লাখ ৯৫ হাজার ৮০০ টাকা, শিল্পকলা একাডেমি রাজশাহীর বকেয়া ৪ লাখ ১৬ হাজার ৩৯৯ টাকা, রাজশাহী রাইফেলস ক্লাবের বকেয়ার পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ৯৫৬ টাকা, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের বকেয়ার পরিমাণ ১২ লাখ ৪৬ হাজার ৮৪৯ টাকা, রাজশাহী সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বকেয়া ১২ লাখ ১১ হাজার ৪৬০ টাকা, শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের বকেয়া পৌর করের পরিমাণ ৩৮ লাখ ৭২ হাজার ৭০০ টাকা, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বকেয়া ৮১ লাখ ১ হাজার ৩২২ টাকা, বরেন্দ্র একাডেমির কাছে পাওনা ২ লাখ ৭ হাজার ৬৯২ টাকা, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের বকেয়ার পরিমাণ ৭৩ লাখ ৮৭ হাজার ৮০৫ টাকা ও বিএডিসি রাজশাহীর কাছে পাওনার পরিমাণ ৪৬ লাখ ৯৮ হাজার ২২৫ টাকা।
সিটি করপোরেশনের কর আদায় শাখা সূত্রে জানা গেছে, ২০১২ সালে এই তালিকায় ২০টি প্রতিষ্ঠান ছিল। সেই সময় ২০টি প্রতিষ্ঠানের বকেয়া ছিল প্রায় ছয় কোটি টাকা। বর্তমানে ১৩ প্রতিষ্ঠানের বকেয়া দাঁড়িয়েছে আট কোটি টাকা। দীর্ঘদিন পৌরকর বকেয়া থাকলেও সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠান পৌর কর পরিশোধ করেছে।
রাজশাহী সিটি করপোরেশনের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়। বারবার তাদের নোটিশও দেওয়া হয়। কিন্তু কাগজ চালাচালির মধ্যেই থেকে গেছে। তাদের কাছে থেকে কর আদায় করা যায়নি।
জানতে চাইলে রাজশাহী টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান ‘পৌর কর তো দিতেই হবে’ উল্লেখ করে বলেন, ‘আমি দুই দিন হলো এখানে এসেছি। তারপরও বলব, টেক্সটাইল মিলস চলছে লসের ওপর। সেই পরিমাণ অর্থ আমাদের নেই। টেক্সটাইল মিলস করপোরেশন বিষয়টি অবগত আছে। তারা এ বিষয়ে কিছু অর্থ ছাড় করলে আমরা হয়তো পরিশোধ করতে পারব।’