আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের ১৩ জন নেতা-কর্মী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের নেতারা বলেছেন, এসব প্রার্থীদের পক্ষে বিএনপির সমর্থন পেতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তাঁরা জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ প্রার্থীর মধ্যে চারজন জামায়াতের কর্মী, আটজন রুকন এবং একজন সহযোগী সদস্য। প্রার্থীরা হলেন জিউধারা ইউপির রফিকুল ইসলাম, চিংড়িখালীর আবুল কাশেম, পুটিখালীর শাহ আলম, ধোপাখালীর মুস্তাজাবুল হক, গৌরম্ভার শেখ নাছের উদ্দিন, বাঁশতলীর রেজাউল করিম, কাড়াপাড়ার শেখ মঞ্জুরুল হক রাহাত, বেমরতার আবদুর রাজ্জাক মোড়ল, নিশানবাড়িয়ার শরীফ আবদুস সালাম, মঘিয়ার আলতাব হুসাইন, সাউথখালীর আবদুল জলিল আনোয়ার, বাইনতলার গাজী মাহাবুবুল আলম এবং বাহিরদিয়া ইউপির মো. আফজাল হোসেন। তাঁদের মধ্যে প্রথম ছয়জন বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।জেলা জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই নির্বাচনের মাধ্যমে তাঁরা মাঠ পর্যায়ের সাংগঠনিক গ্রহণযোগ্যতা মূল্যায়ন করছেন। পাশাপাশি এর মাধ্যমে তাঁরা বিএনপির সঙ্গে মাঠ পর্যায়ে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা চালাবেন। সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশে জামায়াতের বাগেরহাট জেলা কমিটি মোট ১৮টি ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী সদর উপজেলার চারটি, মোরেলগঞ্জে চারটি, রামপালে তিনটি, ফকিরহাটে তিনটি, কচুয়ায় দুটি এবং মংলা ও শরণখোলা উপজেলায় একটি করে ইউনিয়নে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পরে দলীয় নির্দেশে তাদের মধ্যে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একজন নেতা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ধোপাখালী, বাঁশতলী, গৌরম্ভাসহ জেলার যে ছয়টি ইউপিতে বর্তমানে জামায়াতের চেয়ারম্যান আছেন, সেখানে আমরা তাঁদের সমর্থন দেব। এ ছাড়া সদর উপজেলার বেমরতা ইউনিয়নেও আমরা তাঁদের সমর্থন দিচ্ছি। পাশাপাশি কয়েকটি ইউপিতে আমরা তাঁদের কাছ থেকে ছাড় চেয়েছি। সেসব বিষয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।’ এ প্রসঙ্গে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘উপজেলার যেসব ইউপিতে আমাদের সমর্থক প্রার্থী নেই বা দুর্বল প্রার্থী রয়েছে, সেখানে জামায়াতের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করব।’ তবে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার কথা অস্বীকার করেছেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এখানে আমাদের কয়েকজন নেতা-কর্মী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। কিন্তু আমরা দলীয়ভাবে তাঁদের মনোনয়ন দেইনি।’