১৩ ফেব্রুয়ারি সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কয়েকটি ইসলামি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘শাহজালাল (রহ.) ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও ভাস্কর্য প্রতিরোধ আন্দোলন কমিটি’। গত সোমবার রাতে সিলেটে সভা করে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলন কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আজির উদ্দিন পাশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার রাতে জানানো হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের প্রতিবাদে শাহজালাল (রহ.) ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও ভাস্কর্য প্রতিরোধ আন্দোলনকে সমন্বয় করার লক্ষ্যে সোমবার রাতে নগরের সোবহানীঘাট এলাকায় আল ইসলাহর কার্যালয়ে সভা হয়। আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জিয়াউদ্দিন, সুবহানীঘাট মাদ্রাসার মুহতামিম শফিকুল হক আমকুনি, ভার্থখলা মাদ্রাসার মুহতামিম মজদুদ্দিন আহমদসহ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে হরতাল আহ্বান করা হয়। হরতাল সামনে রেখে ১ ফেব্রুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখিতে প্রতিবাদ সমাবেশ, ৩ ফেব্রুয়ারি নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সভায়। যোগাযোগ করলে মো. আজির উদ্দিন পাশা প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মূর্তি (ভাস্কর্য) নির্মাণ বন্ধের দাবিতে প্রতিদিনই মিছিল-সভা হচ্ছে। ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ আন্দোলনের কমিটি গঠন করে সভার সিদ্ধান্ত অনুযায়ী হরতাল আহ্বান করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে আজির উদ্দিন পাশা বলেন, ‘আমরা জানতে পেরেছি আগামী ১৩ ফেব্রুয়ারি মূর্তিটি স্থাপন করা হবে। প্রতিবাদে ওই দিন হরতাল আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে এলে হরতাল প্রত্যাহার করা হবে।’ তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগাযোগ করে নির্মাণাধীন মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি বলে জানা গেছে। হরতাল আহ্বানের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে মূর্তি বলে একধরনের উসকানি দেওয়া হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।’ যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।