১৩ বছর আগে 'মৃত' ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি মামলার আসামি ছিলেন তিনি। আদালতে বিচারও চলছিল। মামলা থেকে অব্যাহতি পেতে তিনি প্রতারণার আশ্রয় নেন। আইনজীবীর মাধ্যমে তাঁর মৃত্যুসনদ দাখিল করেন আদালতে।
প্রায় ১৩ বছর আগে ‘মৃত’ সেই ব্যক্তিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে সিলেটের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির নাম আবদুস সালাম ওরফে সালামত (৫৫)। বাড়ি বিয়ানীবাজারের গজুকাটা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে সিলেটের বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিলেট জেলা ডিবির পরিদর্শক ইউনুস মিয়া জানান, সালামত ২০০১ সালে দুই দফায় ২৪ ও ১৪ বোতল ভারতীয় মদসহ আটক হন। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়।
মামলা দুটি সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। আদালতে বিচারাধীন মামলা থেকে রেহাই পেতে নিজেকে মৃত সাজিয়ে দীর্ঘদিন ছদ্মবেশে ছিলেন। গোপন সূত্রে গোয়েন্দা পুলিশ এ খবর পেয়ে ইউনিয়ন পরিষদের আশপাশ এলাকায় নজরদারি রেখে সালামতকে গ্রেপ্তার করে।
ডিবির পরিদর্শক ইউনুস মিয়া আরও জানান, ২০০১ সালের ২৮ মে সালামত মারা গেছেন বলে মৃত্যুসনদ দেন দুবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান। ওই সনদ একজন আইনজীবীর মাধ্যমে আদালতে দাখিলের পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বিয়ানীবাজার থানাকে আদেশ দেন বিচারক।
থানার তৎকালীন একজন উপপরিদর্শক (এসআই) সরেজমিনে তদন্ত না করেই আদালতে প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করে আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। এ ঘটনায় একটি প্রতারণার মামলা করা হবে।
পরিদর্শক ইউনুস মিয়া জানান, নিজেকে মৃত সাজিয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার সঙ্গে সঙ্গে সালামত তাঁর স্ত্রীকে তালাক দেন। তালাক দেওয়ার পর ওই স্ত্রী পুলিশকে তথ্য দিলে তদন্ত শুরু করা হয়। তদন্তে বেঁচে থাকার সত্যতা পেয়ে সালামতকে গ্রেপ্তার করা হয়।