১৩ বছর ধরে একলা
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক বিভাগে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান, নার্সিং কলেজে ক্লাস, হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগী দেখা—সবই করতে হচ্ছে বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহাকে। তাঁকেই একা ছুটতে হয় অন্য সব বিভাগের মানসিক রোগী দেখতেও।
২০০৪ সাল থেকে এভাবে চলে এলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। সহকারী অধ্যাপক একটি ও সহকারী রেজিস্ট্রারের দুটি পদ থাকলেও সেখানে ১৩ বছর ধরেকোনো চিকিৎসক নেই।
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘মানসিক বিভাগে চিকিৎসক-সংকট দীর্ঘদিনের। এখানে কেউ আসতেও চান না। তারপরও প্রতি মাসেই পদ পূরণের জন্য চিঠি দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজ ও হাসপাতালে মানসিক বিভাগের চারটি পদ রয়েছে। এর মধ্যে সহযোগী অধ্যাপক একজন, সহকারী অধ্যাপক একজন ও সহকারী রেজিস্ট্রারের পদ দুটি। কিন্তু ২০০৪ সাল থেকে তপন কুমার সাহা একাই চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সব বিভাগে চিকিৎসা কর্মকর্তারাই বহির্বিভাগে রোগী দেখেন। কিন্তু চিকিৎসক না থাকায় সহযোগী অধ্যাপক হয়েও তপন কুমার সাহাকে বহির্বিভাগে রোগী দেখতে হচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে রোগী দেখে চলেছেন তপন কুমার সাহা। তিনি বলেন, মানসিক বিভাগে একজন রোগী ভর্তি করা দরকার ছিল। কিন্তু তাঁকে দেখবেন কে?
হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. হেলাল উদ্দিন হাওলাদার চিকিৎসক তপন কুমার সাহার অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, তপন কুমার সাহা প্রতিদিন সকালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজে ক্লাস নেন। এরপর বেলা ১১টায় রোগী দেখা শুরু করেন। অন্তর্বিভাগে রোগী দেখার পাশাপাশি গাইনি, সার্জারি, মেডিসিন বিভাগে ডাক পড়লে তাঁকে সেখানেও যেতে হয়।
ওই দিন বেলা সোয়া দুইটা পর্যন্ত ৬৭ জন রোগী দেখেন তপন কুমার সাহা। পরে আরও পাঁচজন মিলিয়ে মোট ৭২ জন। আগের দিন ৪ মে দেখেন ৬৯ জন, ৩ মে ৭৪ জন। এভাবে গড়ে প্রতিদিন বহির্বিভাগে ৭০-৭১ জন রোগী তাঁকে দেখতে হয় বলে জানা গেছে।
তপন কুমার সাহা বলেন, ‘ক্লাস ও রোগী দেখা—দুটি করতে গিয়ে শিক্ষার্থী ও রোগীদের কিছুটা সমস্যা হয়। বিভাগে রোগীর চাপ অনেক। বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও বাগেরহাটের মোরেলগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুরের রোগীরাও বরিশালে আসেন। অন্তত একজন সহকারী থাকলে সমস্যা কিছুটা দূর হতো।’