১৩ বছর পর খুলছে নির্বাচনের দরজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আইনগত জটিলতা না থাকার বিষয় উল্লেখ করে দ্রুত পৌরসভার তফসিল ঘোষণার ব্যাপারে মতামত চেয়ে স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়েছে কমিশন।
চিঠিতে বলা হয়, সোনাতলা পৌরসভার সীমানার ব্যাপারে হাইকোর্টে দাখিল করা ২০০৪ সালের রিট পিটিশনে নির্বাচনের ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। এ জন্য নির্বাচনের ব্যাপারে মতামতের জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন গত ১৫ জুন ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে ১২ দশমিক ১৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে এই পৌরসভা গঠিত হয়। এরপর তৎকালীন ইউএনওকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ কয়েক বছর প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম চলার পর উপজেলার বালুয়াহাট ইউনিয়নের কয়েকটি গ্রাম পৌরসভায় অন্তর্ভুক্তির বিষয়টি চ্যালেঞ্জ করে ২০০৪ সালে এক ব্যক্তির করা হাইকোর্টে রিট আবেদনের কারণে নির্বাচন ঝুলে যায়। নির্বাচন না হওয়ায় দীর্ঘ ১৩ বছর ধরে পৌরসভা চলছে প্রশাসক দিয়ে।
গত ৯ জুন ভোটারতালিকা হালনাগাদকাজে বগুড়ায় আসেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। এ সময় পৌরসভার নির্বাচন ঝুলে যাওয়ার বিষয়টি তাঁর নজরে আনা হয়। এর আগে পৌরসভার নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন সোনাতলা বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।