১৩ বছর আগে অপহরণের পর হত্যা করা হয় চট্টগ্রামের বিএনপি নেতা শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরীকে। অপহরণের দুই বছর পর তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্ত করেন পুলিশের নয়জন কর্মকর্তা। তদন্ত শেষ হতে লাগে সাড়ে তিন বছর। এরপর বিভিন্ন সময় আসামিপক্ষ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে প্রায় নয় বছর মামলার কার্যক্রম স্থগিত রাখে।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে এ মামলার নথি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসেছে। আগামী ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। মামলার ১৬ আসামির মধ্যে ২ জন মারা গেছেন। বাকি ১৪ আসামির মধ্যে ৬ জন পলাতক, জামিনে রয়েছেন ৮ জন।
মামলার বাদী চৌধুরী ফরমান রেজা লিটন প্রথম আলোকে বলেন, ১৩ বছর পেরিয়ে গেলেও পিতা হত্যার বিচার পাননি। এখন বিচার শুরু হচ্ছে এটি আশার কথা।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু স্থগিতাদেশ থাকায় মামলার নথি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসেনি। ২০১৫ সালের নভেম্বরে স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালত সিআইডির দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। এই অভিযোগপত্র ২০০৬ সালের ডিসেম্বরে আদালতে জমা দেওয়া হয়। কিন্তু মামলার বাদী নিহত জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা দুবার নারাজি দেওয়ায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেননি। পরে নারাজি আবেদনের শুনানির বিষয়ে আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন।
২০০৩ সালের ২৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা অপহরণ করে জামাল উদ্দিনকে। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার দুই বছর পর অপহরণে জড়িত সন্দেহে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, আনোয়ারার রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি অংশ জামাল উদ্দিনকে অপহরণের পর হত্যা করে। তাদের দাবি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদ নির্বাচনের জন্য জামাল উদ্দিনকে প্রস্তুতি নিতে বলেন। এ কারণে আনোয়ারার তৎকালীন সাংসদ সরওয়ার জামাল ও তাঁর ভাই মারুফ নিজাম পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান বলে জামাল উদ্দিনের পরিবার অভিযোগ করে আসছে।
অবশ্য সরওয়ার জামাল ও তাঁর ভাই মারুফ নিজাম ঘটনার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। তদন্ত প্রতিবেদনেও তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, চান্দগাঁও থানায় করা মামলাটির তদন্ত শেষে অষ্টম তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি মামলা থেকে বিএনপি নেতা ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামসহ ২৪ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। মামলার বাদী ফরমান রেজা এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন একই বছরের ১৭ জুলাই। এতে উল্লেখ করেন, এক আসামির জবানবন্দিতে মারুফ নিজামসহ তাঁদের পরিবারের সদস্যদের নাম এলেও অভিযোগপত্রে এসব নাম বাদ দেওয়া হয়েছে। আদালত তা গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
আইয়ুব খান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে ২০০৬ সালের ১০ ডিসেম্বর আগের অভিযোগপত্রের মতোই ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। এবারও বাদী নারাজি দেন আদালতে। ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি নারাজি শুনানির দিন ধার্য থাকলেও উচ্চ আদালত থেকে আসামিরা স্থগিতাদেশ আনায় শুনানি হয়নি।