১৩ বছর পর নির্বাচন ভোটারদের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এত দিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর গ্রামগুলো পোস্টারে ছেয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০৩ সালে তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। এর কিছু অংশ নিয়ে তালোড়া পৌরসভা গঠিত হওয়ায় ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। তা সমাধান হওয়ার পর ২০১৫ সালের ১৫ নভেম্বর তালোড়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে দলীয় প্রতীকে নির্বাচনের আইন পাস হওয়ার পর ভোটের ছয় দিন আগে তফসিল বাতিল হয়। এখন নতুন তফসিল অনুযায়ী প্রথম দফায় ২২ মার্চ এখানে ভোট হবে।
তালোড়া ফেঁপিড়া গ্রামের নিবারণ চন্দ্র দাস বলেন, ১৩ বছর নির্বাচন নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর দুজন সদস্য দিয়ে ইউনিয়ন পরিষদ চলেছে। কাজকর্মে গিয়ে পরিষদের কাউকে পাওয়া যায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর গোটা ইউনিয়নে হইচই পড়ে গেছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সংরক্ষিত নারী সদস্য পদে আটজন ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে তছলিম উদ্দিন, বিএনপির মোজাফ্ফর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম নির্বাচন করছেন।
৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সাদিকুল ইসলাম বলেন, ‘সময়মতো নির্বাচনের জন্য আমরা প্রশাসনের কাছে অনেক যোগাযোগ করেছি। আইনের বেড়াজালে তা সম্ভব হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রামে গ্রামে উৎসব শুরু হয়ে গেছে।’
সরেজমিন দেখা যায়, প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। এখন এলাকায় ইরি-বোরো ধান লাগানোর সময়। এ কারণে বেশির ভাগ ভোটার খেতে চাষাবাদ নিয়ে ব্যস্ত। ফলে প্রার্থীরা বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি কাদাপানি মাড়িয়ে খেতে গিয়েও ভোটারদের সঙ্গে দেখা করছেন।
নওদাপাড়া গ্রামের আবদুল মান্নান বলেন, এ ইউনিয়নের লোকজন অভিভাবকহীন হয়ে পড়েছিল। ভোটের ঘোষণার পর রাত-দিন প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন।